
‘কংগ্ৰেসের প্রার্থী বাছাইয়ের দায়িত্ব উগ্র ইসলামিক মৌলবাদী নেতাকে’
গুয়াহাটি, ১৯ ফেব্রুয়ারি (হি.স.) : প্রিয়াঙ্কা গান্ধী ভদরা-র সঙ্গে কংগ্রেসের স্ক্রিনিং কমিটির সদস্য হিসেবে অসম সফরে আগত ইমরান মাসুদ কে? তাঁর অতীত জানার পর প্রত্যেক দেশপ্রেমিক অসমবাসী কংগ্রেসকে ঘৃণাভরে প্রত্যাখ্যান করবেন, মন্তব্য অসম প্রদেশ বিজেপির অন্যতম মুখপাত্র কমলকুমার মেধি।
আজ বৃহস্পতিবার গুয়াহাটিতে বিজেপির প্রদেশ সদর দফতর অটলবিহারী বাজপেয়ী ভবনে আয়োজিত এক সাংবাদিক বৈঠকে দলের মুখপাত্র কমলকুমার মেধি কংগ্রেসের স্ক্রিনিং কমিটির সদস্য হিসেবে অসমের দায়িত্বপ্রাপ্ত ইমরান মাসুদ সম্পর্কে তীব্র সমালোচনা করেন। তাঁর দাবি, আসন্ন অসম বিধানসভা নির্বাচনের জন্য কংগ্রেস সুদূর উত্তরপ্রদেশের এক উগ্র ইসলামপন্থী নেতার হাতে দায়িত্ব তুলে দিয়েছে।
মেধি বলেন, ইমরান মাসুদ উত্তরপ্রদেশে সাম্প্রদায়িক উত্তেজনা সৃষ্টির অভিযোগে কুখ্যাত অপরাধী। এমন একজন ব্যক্তিকে অসমের দায়িত্ব দিয়ে রাহুল গান্ধী, গৌরব গগৈ ও রকিবুল হুসেনের নেতৃত্বে রাজ্যে অস্থিরতা সৃষ্টির চক্রান্ত করা হচ্ছে বলেও তিনি অভিযোগ করেছেন।
কমল মেধি আরও বলেন, ২০১৪ সালের লোকসভা নির্বাচনের প্রাক্কালে ২৯ মার্চ সাহারানপুরে এক নির্বাচনী সভায় ইমরান মাসুদ তৎকালীন গুজরাটের মুখ্যমন্ত্রী নরেন্দ্র মোদীকে নিয়ে বিতর্কিত মন্তব্য করেছিলেন। ওই মন্তব্যের জেরে তাঁকে গ্রেফতারও করা হয় এবং পরবর্তীতে তিনি নির্বাচনে পরাজিত হন।
মেধির অভিযোগ, ২০২৫ সালের ১২ নভেম্বর দিল্লির লালকেল্লার সামনে সংঘটিত আত্মঘাতী বোমা বিস্ফোরণের ঘটনায় মূল অভিযুক্তের পক্ষে অবস্থান নিয়েছিলেন মাসুদ। সেই বিস্ফোরণে ১৪ জন নিরীহ ভারতীয় প্রাণ হারিয়েছিলেন। অভিযুক্তের সমর্থনে বক্তব্য রেখে মাসুদ নাকি বলেছিলেন, শিক্ষিত মুসলমান সন্ত্রাসবাদী হতে পারেন না।
এছাড়া, বিহার নির্বাচনের আগে এক পডকাস্টে ইমরান মাসুদ হামাসের মতো সংগঠনকে ভারতের শহিদ স্বাধীনতা সংগ্রামী ভগত সিঙের সঙ্গে তুলনা করেছিলেন বলে মেধি দাবি করেছেন। তিনি অভিযোগ করেন, এতে দেশের স্বাধীনতা সংগ্রামীদের অপমান করা হয়েছে।
মেধি আরও বলেন, ‘বন্দে মাতরম’-এর ১৫০ বছর পূর্তি উপলক্ষ্যে সংসদে অনুষ্ঠিত আলোচনায় ইমরান মাসুদ ‘বন্দে মাতরম’ গাইতে অস্বীকার করেছিলেন এবং ধর্মীয় কারণে অন্য কারও বন্দনা করা যায় না বলে মন্তব্য করেছিলেন, যা ভারতের সংবিধানের প্রতি অসম্মানজনক।
বিজেপি মুখপাত্রের অভিযোগ, তিনসুকিয়া, ডিব্রুগড়, ধেমাজি, চড়াইদেও, বিশ্বনাথ ও ওদালগুড়ির মতো খিলঞ্জিয়া (ভূমিপুত্র) অধ্যুষিত জেলাগুলিতে প্রার্থী বাছাইয়ের দায়িত্ব এমন এক নেতার হাতে তুলে দিয়ে কংগ্রেস রাজ্যের স্বার্থবিরোধী পদক্ষেপ নিয়েছে। তিনি দাবি করেন, গৌরব গগৈ ও রকিবুল হুসেনের মতো নেতাদের সঙ্গে মিলিত হয়ে ইমরান মাসুদকে এনে অসমকে দুর্বল করার এক গভীর ষড়যন্ত্র রচনা করা হচ্ছে।
হিন্দুস্থান সমাচার / সমীপ কুমার দাস