
কলকাতা, ১৯ ফেব্রুয়ারি (হি. স.) : ছাব্বিশের ভোটের আগে বিজেপি ছেড়ে তৃণমূলে যোগ দিলেন কার্শিয়াংয়ের বিজেপি বিধায়ক বিষ্ণুপ্রসাদ শর্মা। বৃহস্পতিবার দুপুরে তৃণমূল ভবনে এসে শাসক শিবিরে আনু্ষ্ঠানিকভাবে নাম লেখালেন বিষ্ণুপ্রসাদ শর্মা।
বিষ্ণুপ্রসাদ শর্মা বেশ কিছুদিন ধরেই বিজেপির কেন্দ্রীয় ও রাজ্য নেতৃত্বের প্রতি ক্ষোভ প্রকাশ করে আসছিলেন। বিশেষ করে পাহাড়ের সমস্যা সমাধান এবং পৃথক রাজ্য গঠনের দাবি নিয়ে দলের অবস্থান নিয়ে তিনি প্রকাশ্যেই সরব হয়েছিলেন। এদিন তৃণমূলে যোগ দেওয়ার পর তিনি জানান, পাহাড়ের মানুষের উন্নয়ন এবং শান্তির স্বার্থেই তিনি মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে কাজ করতে চান।
তৃণমূল নেতৃত্বের উপস্থিতিতে তাঁর হাতে দলীয় পতাকা তুলে দেওয়া হয়। শাসক শিবিরের দাবি, বিষ্ণুপ্রসাদ শর্মার আগমনে পাহাড় এবং উত্তরবঙ্গে ঘাসফুল শিবির আরও শক্তিশালী হবে। অন্যদিকে, বিজেপি এই দলবদলকে গুরুত্ব দিতে নারাজ। গেরুয়া শিবিরের পক্ষ থেকে জানানো হয়েছে, ব্যক্তিগত স্বার্থ চরিতার্থ করতেই তিনি এই সিদ্ধান্ত নিয়েছেন এবং এতে দলের কোনও ক্ষতি হবে না।
হিন্দুস্থান সমাচার / সোনালি