
শিমলা, ১৯ ফেব্রুয়ারি (হি.স.) : হিমাচলের শিমলা শহরে এক যুবকের বিষ খেয়ে মৃত্যুকে ঘিরে চাঞ্চল্য ছড়িয়েছে। মৃতের পরিবারের অভিযোগ, কয়েকজনের হুমকি ও মারধরের জেরে মানসিক চাপে পড়ে যুবক আত্মঘাতী সিদ্ধান্ত নিতে বাধ্য হন। ঘটনার প্রেক্ষিতে পুলিশ মামলা দায়ের করে তদন্ত শুরু করেছে। বৃহস্পতিবার শিমলা কৃষ্ণা নগরের বাসিন্দা রাজু অভিযোগ দায়ের করেছেন। অভিযোগে তিনি জানান, গত ৭ ফেব্রুয়ারি তাঁর ভাইপো যে দোকানে কাজ করতেন, সেখানে কয়েকজন পরিচিত ব্যক্তি এসে তাঁর সঙ্গে ঝামেলা করেন। অভিযোগ, ওই যুবককে ধাক্কা দেওয়া হয়, গালিগালাজ করা হয় এবং প্রাণনাশের হুমকিও দেওয়া হয়। এই ঘটনার পর থেকেই যুবক প্রবল আতঙ্ক ও মানসিক চাপে ভুগছিলেন। পরিবারের দাবি, দীর্ঘদিনের মানসিক যন্ত্রণার জেরেই ওই যুবক মঙ্গলবার বিষাক্ত পদার্থ গ্রহণ করেন। দ্রুত চিকিৎসার চেষ্টা করা হলেও শেষরক্ষা হয়নি এবং তাঁর মৃত্যু হয়।
ঘটনার পর মৃতের পরিবার পুলিশের কাছে অভিযোগ জানিয়ে অভিযুক্তদের বিরুদ্ধে কঠোর পদক্ষেপের দাবি করেছে।বৃহস্পতিবার পুলিশ জানিয়েছে, অভিযোগের ভিত্তিতে মামলা রুজু করা হয়েছে এবং গোটা ঘটনার তদন্ত চলছে। ময়নাতদন্ত রিপোর্ট ও অন্যান্য প্রমাণের ভিত্তিতে পরবর্তী আইনি পদক্ষেপ নেওয়া হবে।
মামলা দায়ের করে তদন্ত প্রক্রিয়া চালানো হচ্ছে।
---------------
হিন্দুস্থান সমাচার / সৌমি বৈদ্য