
তেলিয়ামুড়া (ত্রিপুরা), ১৯ ফেব্রুয়ারি (হি.স.) : খোয়াই জেলার তেলিয়ামুড়া ব্লকের অন্তর্গত বিবেকানন্দ গ্রাম পঞ্চায়েতে বৃহস্পতিবার একাধিক উন্নয়নমূলক ও সামাজিক কর্মসূচির উদ্বোধন করা হয়। এদিন পঞ্চায়েত লার্নিং সেন্টার ও বিবেকানন্দ পাঠশালার সূচনা, গ্রামবাসীদের মধ্যে ব্লাড গ্রুপ কার্ড বিতরণ, বাড়ি বাড়ি আবর্জনা সংগ্রহ কর্মসূচির আনুষ্ঠানিক শুরু এবং স্বামী বিবেকানন্দের মর্মর মূর্তির আবরণ উন্মোচন করা হয়।
অনুষ্ঠানের উদ্বোধন করেন ত্রিপুরা বিধানসভার সরকারি মুখ্য সচেতক তথা বিধায়ক কল্যাণী সাহা রায়। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন খোয়াই জেলা পরিষদের সহ-সভাধিপতি সত্যেন্দ্র চন্দ্র দাস। এছাড়া বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন তেলিয়ামুড়া পঞ্চায়েত সমিতির চেয়ারম্যান দীপা দেব, ভাইস চেয়ারম্যান নির্মল সূত্রধর, কাউন্সিলর অচিন্ত্য ভট্টাচার্য, জেলা শাসক রজত পন্থ, মহকুমা শাসক অপূর্ব কৃষ্ণ চক্রবর্তী ও তথ্য ও সংস্কৃতি দপ্তরের বরিষ্ঠ তথ্য আধিকারিক দুলাল দেববর্মা। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন গ্রাম পঞ্চায়েতের প্রধান কল্পনা দাস এবং স্বাগত ভাষণ দেন বিডিও বিপ্লব আচার্য।
বক্তব্য রাখতে গিয়ে কল্যাণী সাহা রায় বলেন, গ্রামীণ অবকাঠামো উন্নয়ন, শিক্ষা, স্বাস্থ্য ও অর্থনৈতিক স্বনির্ভরতা নিশ্চিত করতে পঞ্চায়েতের ভূমিকা গুরুত্বপূর্ণ। মুখ্যমন্ত্রী গ্রাম সমৃদ্ধি যোজনার মাধ্যমে এলাকায় উন্নয়নমূলক কাজ এগিয়ে চলছে। ব্লাড গ্রুপ কার্ড জরুরি সময়ে দ্রুত চিকিৎসা সহায়তা পেতে সহায়ক হবে এবং লার্নিং সেন্টারের মাধ্যমে পঞ্চায়েত সদস্য ও গ্রামবাসীরা বিভিন্ন প্রশিক্ষণ ও ভার্চুয়াল কার্যক্রমে অংশ নিতে পারবেন।
সহ-সভাধিপতি সত্যেন্দ্র চন্দ্র দাস উদ্যোগটিকে প্রশংসনীয় উল্লেখ করে অন্যান্য পঞ্চায়েতেও এ ধরনের কর্মসূচি গ্রহণের আশা প্রকাশ করেন। জেলা শাসক রজত পন্থ বলেন, গ্রাম উন্নয়নই সামগ্রিক উন্নয়নের মূল ভিত্তি।
এদিন স্বচ্ছ ভারত মিশনের ম্যাসকট ‘নির্মল মোতি’-র পরিচয় করিয়ে দেওয়া হয় এবং আইএইচএইচএল ও পিএমএওয়াই প্রকল্পের সেরা সুবিধাভোগীদের সংবর্ধনা প্রদান করা হয়। প্রায় ৭ লক্ষ টাকা ব্যয়ে নির্মিত পঞ্চায়েত লার্নিং সেন্টার পরিদর্শনের পাশাপাশি সাংস্কৃতিক অনুষ্ঠানও অনুষ্ঠিত হয়।
হিন্দুস্থান সমাচার / গোবিন্দ দেবনাথ