
দুর্গাপুর, ১৯ ফেব্রুয়ারি (হি.স.): দিল্লি পুলিশ-এর নাম ব্যবহার করে ভুয়ো হুমকি ফোন পেয়ে আতঙ্কিত হলেন দুর্গাপুর নগর নিগম-এর চেয়ারপার্সন অনিন্দিতা মুখোপাধ্যায়। ঘটনায় শিল্পনগরী দুর্গাপুর-জুড়ে চাঞ্চল্য ছড়িয়েছে। ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ।
বৃহস্পতিবার অভিযোগে জানা গেছে, বিগত কয়েকদিন ধরে দিল্লি পুলিশের পরিচয় দিয়ে অনিন্দিতা মুখোপাধ্যায়ের কাছে একাধিক ফোন আসে। ফোনে তাঁকে ‘ডিজিটাল অ্যারেস্ট’-এর ভয় দেখানো হয় এবং সন্ত্রাসবাদীদের সঙ্গে যোগ থাকার ভুয়ো অভিযোগ তোলা হয়। দিল্লিতে হাজিরা না দিলে লালবাজার পুলিশকে জানানো হবে বলেও হুমকি দেওয়া হয়।
এ প্রসঙ্গে অনিন্দিতা মুখোপাধ্যায় বলেন, ফোনে ভয় দেখিয়ে দিল্লিতে হাজিরা দিতে বলা হচ্ছিল। বিষয়টি সন্দেহজনক মনে হওয়ায় তিনি পুলিশকে জানান। পুলিশ নম্বর যাচাই করে জানায়, এটি একটি প্রতারণামূলক ফোন। চেয়ারপার্সনের স্বামী, দুর্গাপুরের প্রাক্তন মেয়র ও প্রাক্তন বিধায়ক অপুর্ব মুখোপাধ্যায় বলেন, সাধারণ মানুষ এ ধরনের হুমকি ফোনে আতঙ্কিত হয়ে পড়েন। এই ধরনের প্রতারণার বিরুদ্ধে কড়া ব্যবস্থা নেওয়া প্রয়োজন।
এ বিষয়ে রাজ্যের পঞ্চায়েত মন্ত্রী প্রদীপ মজুমদার জানান, বছরখানেক আগে তাঁর কাছেও একই ধরনের ভুয়ো হুমকি ফোন এসেছিল। তখন বিষয়টি কলকাতা সাইবার সেলের কাছে জানানো হলে সেটিকে প্রতারণামূলক কল বলে চিহ্নিত করা হয়।
স্বাভাবিকভাবেই এ ধরনের ঘটনার জেরে শহরবাসীর মধ্যে উদ্বেগ তৈরি হয়েছে। পুলিশ ঘটনার তদন্তে নেমেছে।
---------------
হিন্দুস্থান সমাচার / জয়দেব লাহা