বিজেপিতে যোগদান প্রাক্তন ডিমাসা ছাত্রনেতা সহ ২০ জনের
মাইবাং (অসম), ১৯ ফেব্ৰুয়ারি (হি.স.) : অল ডিমাসা স্টুডেন্টস ইউনিয়ন (আডসু)-এর প্রাক্তন সভাপতি উত্তম লাংথাসা এবং সহ-সভাপতি অনুজ কেম্প্রাই বিজেপি দলে যোগদান করেছেন। আজ বুধবার মাইবাঙে বিজেপির এক জনসভায় ডিমা হাসাও জেলা বিজেপি সভাপতি ধৃতি থাওসেন, উত্তর কা
বিজেপিতে যোগদান


মাইবাং (অসম), ১৯ ফেব্ৰুয়ারি (হি.স.) : অল ডিমাসা স্টুডেন্টস ইউনিয়ন (আডসু)-এর প্রাক্তন সভাপতি উত্তম লাংথাসা এবং সহ-সভাপতি অনুজ কেম্প্রাই বিজেপি দলে যোগদান করেছেন। আজ বুধবার মাইবাঙে বিজেপির এক জনসভায় ডিমা হাসাও জেলা বিজেপি সভাপতি ধৃতি থাওসেন, উত্তর কাছাড় পার্বত্য স্বশাসিত পরিষদের মুখ্য কার্যবাহী সদস্য দেবোলাল গার্লোসা, পরিষদের অধ্যক্ষ মোহিত হোজাই এবং বিজেপি নেতা কার্যর্তাদের উপস্থিতিতে অল ডিমাসা স্টুডেন্টস ইউনিয়নের প্রাক্তন সভাপতি উত্তম লাংথাসা, সহ-সভাপতি অনুজ কেম্প্রাই সহ মোট কুড়ি জন সদস্য বিজেপিতে আনুষ্ঠানিক ভাবে যোগদান করেছেন।

এদিন ছাত্রনেতা উত্তম লাংথাসা ও অনুজ কেম্প্রাইকে দলে স্বাগত জানিয়ে দেবোলাল গার্লোসা বলেন, এতদিন ছাত্র সংগঠনের হয়ে কাজ করে যাওয়া ছাত্রনেতা উত্তম লাংথাসা বিজেপিতে যোগদান করে দেশ ও সমাজ তথা দলের স্বার্থে কাজ করে যাবেন। তিনি বলেন, কিছুদিন আগে ডিমাসা জনগোষ্ঠীর সর্বোচ্চ সংগঠন জাদিখে নাইশো হসমের প্রাক্তন সভাপতি কালিয়েন দাওলাগাপু বিজেপিতে যোগদান করেছেন। এবার উত্তম লাংথাসা যোগদান করায় দল অনেক মজবুত হবে। কারণ তাঁদের কাজ করার বহু অভিজ্ঞতা রয়েছে। তাই শীঘ্রই কালিয়েন দাওলাগাপু ও উত্তম লাংথাসাকে বিজেপি দলে গুরুত্বপূর্ণ দায়িত্ব তুলে দেওয়া হবে, জানান দেবোলাল।

দেবোলাল গার্লোসা আজও কংগ্রেসকে আক্রমণের লক্ষ্য করে বলেন, সমগ্র দেশে এখন কংগ্রেসের অবস্থা শোচনীয় হয়ে পড়েছে। অসমেতো কংগ্রেসের অবস্থা অত্যন্ত শোচনীয়। ভূপেন বরা কংগ্রেস দল ত্যাগ করে এবার বিজেপি যোগ দিতে চলছেন। এই অবস্থায় আসন্ন বিধানসভা নির্বাচনে কংগ্রেসের অবস্থা আরও শোচনীয় হয়ে পড়বে বলে মন্তব্য করে বলেন রাজ্যে পুনরায় বিজেপি ক্ষমতায় ফিরবে।

তিনি বলেন, হাফলং আসনে বিজেপি দলের কোনও প্রতিদ্বন্দ্বী নেই। কংগ্রেস, এনপিপি কোনও দলই বিজেপির কাছাকাছি আসতে পারবে না। এই দাবি করে দেবোলাল গার্লোসা বলেন, হাফলং আসনে বিজেপি যাঁকেই প্রার্থী করবে সেই প্রার্থীর জয় নিশ্চিত।

এবার কি হাফলং আসনে নতুন মুখ নিয়ে আসা হবে? সাংবাদিকদের এই প্রশ্নের উত্তরে দেবোলাল বলেন, এ ব্যাপারে সিদ্ধান্ত নেবে দল। তিনি বলেন, ইতিমধ্যে বিজেপির কেন্দ্রীয় সমিতির পর্যবেক্ষক হাফলং এসে প্রার্থিত্বের বিষয়ে দলীয় নেতা ও কার্যকর্তাদের মতামত গ্রহণ করে বন্ধ খামে তিনজন প্রার্থীর নাম নিয়ে গেছেন। তাই আগামী নির্বাচনে হাফলং আসনে দল যাঁকে প্রার্থী করবে দলীয় কর্যকর্তারা ওই প্রার্থীকে জয়ী করাতে কাজ করে যাবেন এবং হাফলং আসন থেকে বিজেপির প্রার্থী এবারও বিপুল ভোটে জয়ী হবেন বলে দাবি করেন দেবোলাল গার্লোসা।

উল্লেখ্য, হাফলং আসনে বিজেপির প্রার্থিত্বের দৌড়ে একাধিক প্রার্থীর নাম চর্চায় রয়েছে। তার মধ্যে রয়েছেন বর্তমান বিধায়ক তথা রাজ্যের মন্ত্রী নন্দিতা গার্লোসা, উত্তর কাছাড় পার্বত্য স্বশাসিত পরিষদের অধ্যক্ষ মোহিত হোজাই, পরিষদের কার্যনির্বাহী সদস্য প্রবিতা জহরি, নিরঞ্জন হোজাই, পারিষদ রূপালী লাংথাসা ও পরিষদের প্রাক্তন কার্যনির্বাহী সদস্য কুলেন্দ্র দাওলাগাপু।

হিন্দুস্থান সমাচার / বিশাখা দেব




 

 rajesh pande