
গুয়াহাটি, ১৯ ফেব্ৰুয়ারি (হি.স.) : সফরসূচি বদল হয়েছে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের। আগামীকাল শুক্রবার সকালে বিশেষ বিমানে তিনি শিলচরে পৌঁছবেন। আজ রাতে তাঁর শিলচর আসার কথা ছিল।
শুক্রবার শিলচর বিমানবন্দরে অবতরণ করে কাছাড় জেলার অন্তর্গত ভারত-বাংলাদেশ সীমান্তবর্তী নাতানপুর যাবেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। সেখানে বিএসএফ-এর সীমান্ত চৌকিতে গিয়ে সীমান্ত নিরাপত্তা পরিস্থিতি পর্যালোচনা করবেন। আসন্ন বিধানসভা নির্বাচনের পরিপ্রেক্ষিতে আন্তর্জাতিক সীমান্ত ব্যবস্থাপনা নিয়ে বাড়তি গুরুত্ব দিচ্ছে কেন্দ্র। সেই প্রেক্ষাপটেই বিএসএফ-এর সীমান্ত চৌকি তাঁর পরিদর্শন বলে মনে করা হচ্ছে।
এর পর নাতানপুরে ‘ভাইব্র্যান্ট ভিলেজেস প্রোগ্রাম’ (ভিভিপি)-এর উদ্বোধন করবেন অমিত শাহ। সীমান্তবর্তী অঞ্চলে পরিকাঠামো শক্তিশালী করা এবং জীবিকায়ন উন্নত করাই কেন্দ্রের এই কর্মসূচির মূল লক্ষ্য। প্রত্যন্ত গ্রামগুলি থেকে মানুষের স্থানান্তর রোধে কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি ও যোগাযোগ ব্যবস্থার উন্নয়ন এই প্রকল্পের প্রধান উদ্দেশ্য।
এই কাৰ্যক্ৰম শেষে তিনি বিজেপির বিশাল সমাবেশে ভাষণ দেবেন। অনুষ্ঠেয় সমাবেশকে কাছাড় জেলায় দলের নির্বাচনী প্রচারের আনুষ্ঠানিক সূচনা হিসেবে বিবেচিত হচ্ছে। প্রসঙ্গত, তিন জেলা যথাক্রমে কাছাড়, শ্রীভূমি এবং হাইলাকান্দিকে নিয়ে বরাক উপত্যকা দক্ষিণ অসমে বিজেপির নির্বাচনী সম্ভাবনার ক্ষেত্রে অত্যন্ত গুরুত্বপূর্ণ অঞ্চল।
সমাবেশের পর তিনি ত্রিপুরার আগরতলায় যাবেন এবং সেখান থেকে এদিনই সন্ধ্যায় পুনরায় অসমে ফিরবেন।
শনিবার গুয়াহাটির অর্জুন ভোগেশ্বর বরুয়া ক্রীড়া কমপ্লেক্সে সিআরপিএফ-এর বার্ষিক দিবসের কুচকাওয়াজে অংশ নেবেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী শাহ। জানা গেছে, এই প্রথমবার উত্তরপূর্ব ভারতে এ ধরনের কুচকাওয়াজ অনুষ্ঠিত হচ্ছে, যা অঞ্চলের জন্য প্রতীকী দিক থেকে তাৎপর্যপূর্ণ।
এছাড়া তিনি গুয়াহাটির নিকটবর্তী সোনাপুরের কচুতলিতে আসাম পুলিশ ব্যাটালিয়নের দশম ক্যাম্পাসের নতুন ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন করবেন।
গত ২৯ ডিসেম্বরের পর এটি অমিত শাহর তৃতীয় অসম সফর। ১২৬ সদস্যবিশিষ্ট অসম বিধানসভায় টানা তৃতীয়বার ক্ষমতায় ফেরার লক্ষ্য নিয়ে বিজেপি লড়ছে। নির্বাচন আগামী মার্চ-এপ্রিল মাসে অনুষ্ঠিত হওয়ার সম্ভাবনা রয়েছে।
হিন্দুস্থান সমাচার / সমীপ কুমার দাস