বিয়ের প্রতিশ্রুতি দিয়ে সম্পর্ক, পরে অস্বীকারের অভিযোগ ব্লক স্বাস্থ্য আধিকারিকের বিরুদ্ধে
বাঁকুড়া, ১৯ ফেব্রুয়ারি (হি.স.) : বিয়ের প্রতিশ্রুতি দিয়ে দীর্ঘদিন শারীরিক সম্পর্ক স্থাপনের পর তা অস্বীকার করে অন্যত্র বিয়ের প্রস্তুতির অভিযোগ উঠেছে এক ব্লক স্বাস্থ্য আধিকারিকের বিরুদ্ধে। ঘটনাকে ঘিরে ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে বাঁকুড়ায়। এই মর্মে সংশ্লিষ
বিয়ের প্রতিশ্রুতি দিয়ে সম্পর্ক, পরে অস্বীকারের অভিযোগ ব্লক স্বাস্থ্য আধিকারিকের বিরুদ্ধে


বাঁকুড়া, ১৯ ফেব্রুয়ারি (হি.স.) : বিয়ের প্রতিশ্রুতি দিয়ে দীর্ঘদিন শারীরিক সম্পর্ক স্থাপনের পর তা অস্বীকার করে অন্যত্র বিয়ের প্রস্তুতির অভিযোগ উঠেছে এক ব্লক স্বাস্থ্য আধিকারিকের বিরুদ্ধে। ঘটনাকে ঘিরে ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে বাঁকুড়ায়। এই মর্মে সংশ্লিষ্ট স্বাস্থ্য কেন্দ্রের এক মহিলা স্বাস্থ্য কর্মী স্থানীয় থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন।

অভিযোগকারিণীর দাবি, তালডাংরা ব্লক স্বাস্থ্য কেন্দ্রের ব্লক স্বাস্থ্য আধিকারিকের সঙ্গে তাঁর দীর্ঘদিনের সম্পর্ক ছিল। সেই সূত্রে তাঁদের মধ্যে শারীরিক সম্পর্ক গড়ে ওঠে। সম্প্রতি ওই আধিকারিক চিকিৎসক তাঁকে উপেক্ষা করে অন্যত্র বিয়ের প্রস্তুতি নিচ্ছেন বলে জানতে পারেন তিনি। এরপর একাধিকবার যোগাযোগের চেষ্টা করেও ব্যর্থ হন অভিযোগকারিণী।

এদিকে ঘটনার খবর প্রকাশ্যে আসতেই নড়েচড়ে বসে জেলা স্বাস্থ্য দফতর। বৃহস্পতিবার পুরো বিষয়টি খতিয়ে দেখতে একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে এবং তদন্ত শুরু হয়েছে বলে জানা গিয়েছে।

অন্যদিকে, এই ঘটনাকে কেন্দ্র করে রাজ্যের স্বাস্থ্য কর্মীদের নিরাপত্তা নিয়ে প্রশ্ন তুলেছে ভারতীয় জনতা পার্টি। আর জি কর কাণ্ডের পরেও রাজ্যে স্বাস্থ্য কর্মীদের নিরাপত্তা নিশ্চিত করতে সরকার ব্যর্থ বলে দাবি করেছে বিজেপি।

এ বিষয়ে অভিযোগকারী মহিলা স্বাস্থ্য কর্মী সংবাদমাধ্যমের কাছে কোনও মন্তব্য করতে চাননি। অপরদিকে অভিযুক্ত ব্লক স্বাস্থ্য আধিকারিকের সঙ্গে যোগাযোগ করা সম্ভব হয়নি।

জেলা মুখ্য স্বাস্থ্য আধিকারিক ডা. শ্যামল সোরেন জানান, ঘটনার তদন্তের জন্য একটি কমিটি গঠন করা হয়েছে। কমিটির রিপোর্ট পাওয়ার পর পরবর্তী সিদ্ধান্ত নেওয়া হবে।

---------------

হিন্দুস্থান সমাচার / সোমনাথ বরাট




 

 rajesh pande