
কেশপুর, ১৯ ফেব্রুয়ারি (হি. স.) : পশ্চিম মেদিনীপুরের কেশপুরে মর্মান্তিক পথদুর্ঘটনায় এক স্কুটিচালকের মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার কেশপুর থেকে মেদিনীপুর যাওয়ার পথে কেশপুর ব্লকের ১২ মাইল এলাকায় একটি লরি নিয়ন্ত্রণ হারিয়ে প্রথমে উল্টো দিক থেকে আসা একটি স্কুটিকে সজোরে ধাক্কা দেয়। ঘটনাস্থলেই স্কুটিচালক শেখ সৌরভের মৃত্যু হয় বলে পুলিশ সূত্রে জানা গিয়েছে। তাঁর বাড়ি ১১ নম্বর অঞ্চলে।দুর্ঘটনায় আরও একজন আহত হন। স্থানীয় বাসিন্দাদের সহায়তায় তাঁকে উদ্ধার করে দ্রুত মেদিনীপুর মেডিকেল কলেজ ও হাসপাতালে পাঠানো হয়েছে। তাঁর শারীরিক অবস্থা সম্পর্কে এখনও বিস্তারিত জানা যায়নি। প্রত্যক্ষদর্শীদের দাবি, স্কুটিকে ধাক্কা মারার পর নিয়ন্ত্রণ হারিয়ে লরিটি রাস্তার ধারে একটি বাড়ির মধ্যে ঢুকে পড়ে। বাড়িটি প্রায় সম্পূর্ণ ভেঙে যায়। তবে সৌভাগ্যবশত ওই বাড়ির কোনও বাসিন্দা হতাহত হননি। ঘটনার পর লরির চালক ও খালাসি পলাতক। ঘাতক লরিটি এখনও ভাঙা বাড়ির মধ্যেই রয়েছে। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছেছে কেশপুর থানার পুলিশ। দুর্ঘটনার কারণ খতিয়ে দেখা হচ্ছে এবং পলাতক চালক ও খালাসির খোঁজে তল্লাশি শুরু হয়েছে।
হিন্দুস্থান সমাচার / এ. গঙ্গোপাধ্যায়