
কলকাতা, ১৯ ফেব্রুয়ারি (হি. স.):- বৃহস্পতিবার আন্তর্জাতিক মাতৃভাষা দিবসের প্রাক্কালে ‘ভাষা অধিকার সপ্তাহ’ উপলক্ষে বাংলা পক্ষ কলকাতা মেট্রোর সদর দফতরে ডেপুটেশন জমা দিল। বাংলা ভাষায় সমস্ত পরিষেবা চালু করা এবং বহিরাগত রেলকর্মী ও আরপিএফের একাংশের বিরুদ্ধে বাঙালি যাত্রীদের হেনস্থার অভিযোগ তুলে একাধিক দাবি জানানো হয়।ডেপুটেশনের আগে শতাধিক সদস্য বিক্ষোভ কর্মসূচিতে অংশ নেন। প্রতিনিধি দলে উপস্থিত ছিলেন সংগঠনের শীর্ষ পরিষদ সদস্য ও সাংগঠনিক সম্পাদক কৌশিক মাইতি, অরিন্দম চট্টোপাধ্যায়, আব্দুল লতিফ, সৌম্য বেরা, দেবাশীষ মজুমদার ও সৌগত মজুমদার প্রমুখ।সংগঠনের পক্ষ থেকে দাবি করা হয়, টিকিট কাউন্টারের কর্মী ও আরপিএফ জওয়ানদের বাংলা জানা বাধ্যতামূলক করতে হবে। মেট্রো স্টেশনের সমস্ত নির্দেশিকায় বাংলা ভাষা অন্তর্ভুক্ত করার দাবিও তোলা হয়। পাশাপাশি প্রবীণ নাগরিকদের সুবিধার্থে স্টেশনগুলিতে শৌচালয়ের ব্যবস্থা ও কবি সুভাষ মেট্রো স্টেশনের সংস্কার দ্রুত সম্পন্ন করার দাবি জানানো হয়।সাধারণ সম্পাদক গর্গ চট্টোপাধ্যায় বলেন, মাতৃভাষার অধিকার রক্ষায় তাঁদের আন্দোলন চলবে। ডেপুটেশনের পর সংগঠনের দাবি, মেট্রো কর্তৃপক্ষ ইতিবাচক আলোচনা করেছেন এবং বিষয়গুলি বিবেচনার আশ্বাস দিয়েছেন।
হিন্দুস্থান সমাচার / এ. গঙ্গোপাধ্যায়