
কামারপুকুর, ১৯ ফেব্রুয়ারি (হি. স.) : যথাযোগ্য মর্যাদার সঙ্গেই রাজ্য জুড়ে বৃহস্পতিবার পালিত হচ্ছে রামকৃষ্ণ পরমহংসদেবের ১৯১তম জন্মজয়ন্তী। সেই উপলক্ষে এদিন আধ্যাত্মিক আবহে ভরে উঠেছে রামকৃষ্ণ মঠ ও মিশনের কামারপুকুর প্রাঙ্গণ। ভোরের আলো ফোটার আগেই হাজার হাজার ভক্তের সমাগমে মুখর হয়ে ওঠে এলাকা। শঙ্খধ্বনি, উলুধ্বনি ও বৈদিক মন্ত্রোচ্চারণের মধ্য দিয়েই শুরু হয়েছে দিনব্যাপী কর্মসূচি। পূজা-অর্চনা, মঙ্গলারতি ও হোমযজ্ঞের মাধ্যমে শ্রদ্ধার সঙ্গে বৃহস্পতিবার স্মরণ করা হয়েছে যুগপুরুষ শ্রী রামকৃষ্ণের পবিত্র আবির্ভাব তিথি।
সকালের অন্যতম আকর্ষণ ছিল একটি বর্ণাঢ্য শোভাযাত্রা। মঠ প্রাঙ্গণ থেকে শুরু হওয়া এই পদযাত্রায় সন্ন্যাসী, ব্রহ্মচারী, ভক্ত ও স্থানীয় মানুষজন অংশগ্রহণ করেন। তাঁদের হাতে ছিল রামকৃষ্ণদেবের বাণী সংবলিত ফলক, ধর্মীয় পতাকা ও শঙ্খ। বৈদিক মন্ত্রপাঠ ও নাম সংকীর্তনের সুরে মুখরিত হয়ে ওঠে চারদিক। বিভিন্ন স্কুলের ছাত্রছাত্রীরাও সুশৃঙ্খলভাবে শোভাযাত্রায় অংশ নিয়ে মানবতা ও সম্প্রীতির বার্তা তুলে ধরে। পথের দু’ধারে দাঁড়িয়ে সর্বস্তরের মানুষ ফুল ছিটিয়ে শোভাযাত্রাকে স্বাগত জানান।
এদিকে, এই উপলক্ষে দিনভর আয়োজিত ধর্মসভায় উপস্থিত বক্তারা রামকৃষ্ণদেবের জীবনদর্শন ও তাঁর অমর বাণী— “যত মত তত পথ”-এর তাৎপর্য তুলে ধরেন। গীতাপাঠ, ভক্তিগীতি ও মহাপ্রসাদ বিতরণের মধ্য দিয়ে উৎসব পূর্ণতা পায়। রাজ্যের বিভিন্ন প্রান্ত ও ভিনরাজ্য থেকে আগত ভক্তদের উপস্থিতিতে জন্মভূমি কামারপুকুর এক মহামিলনক্ষেত্রে পরিণত হয়। সব মিলিয়ে ভক্তি, আবেগ ও মানবতার বার্তায় আলোকিত হয়ে উঠেছে ১৯১তম জন্মজয়ন্তী। আজকের দিনটি একটি স্মরণীয় আধ্যাত্মিক উৎসবে পরিণত হয়েছে।
হিন্দুস্থান সমাচার / শুভদ্যুতি দত্ত