ফের আবহাওয়ার বদল, ভোপাল-উজ্জয়িনী সহ ২০ জেলায় বৃষ্টি, ফসলের ক্ষতির আশঙ্কা
ভোপাল, ১৯ ফেব্রুয়ারি (হি.স.): মধ্যপ্রদেশে ফের বদলাল আবহাওয়া। ফেব্রুয়ারি মাসে তৃতীয় দফায় বৃষ্টি ও শিলাবৃষ্টির পরিস্থিতি তৈরি হয়েছে। বিগত ১২ ঘণ্টায় ভোপাল, ইন্দোর, গোয়ালিয়র ও উজ্জয়িনী-সহ রাজ্যের ২০টিরও বেশি জেলায় বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টি হয়ে
মধ্যপ্রদেশে ফের আবহাওয়ার বদল, ভোপাল-উজ্জয়িনী সহ ২০ জেলায় বৃষ্টি, ফসলের ক্ষতির আশঙ্কা


ভোপাল, ১৯ ফেব্রুয়ারি (হি.স.): মধ্যপ্রদেশে ফের বদলাল আবহাওয়া। ফেব্রুয়ারি মাসে তৃতীয় দফায় বৃষ্টি ও শিলাবৃষ্টির পরিস্থিতি তৈরি হয়েছে। বিগত ১২ ঘণ্টায় ভোপাল, ইন্দোর, গোয়ালিয়র ও উজ্জয়িনী-সহ রাজ্যের ২০টিরও বেশি জেলায় বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টি হয়েছে। এর জেরে রাজ্যজুড়ে ফের শীতের প্রভাব বেড়েছে।

বৃহস্পতিবার সকালে ভোপালে আচমকা মেঘলা আকাশের পর প্রায় দেড় ঘণ্টা ধরে দফায় দফায় হালকা ও মাঝারি বৃষ্টি হয়। ঠান্ডা হাওয়ার দাপটে দিনের তাপমাত্রা কমতে পারে বলে আশঙ্কা। অসময়ে বৃষ্টি ও ঝোড়ো হাওয়ায় একাধিক জেলায় ফসলের ক্ষতির আশঙ্কা তৈরি হয়েছে। কোথাও কোথাও শিলাবৃষ্টির জেরে ফসলের ব্যাপক ক্ষতির খবর মিলেছে, যা কৃষকদের উদ্বেগ বাড়িয়েছে।

জানা গেছে, রাজ্যে খাজুরাহোতে সর্বনিম্ন তাপমাত্রা ৯.২ ডিগ্রি সেলসিয়াস রেকর্ড হয়েছে। রাজগড়ে তাপমাত্রা নেমেছে ১০ ডিগ্রি এবং পচমাড়িতে ১০.২ ডিগ্রি সেলসিয়াস, ফলে শীতের দাপট বেড়েছে। ইন্দোর, রতলাম, সুজালপুর, গঞ্জবাসোদা, গোয়ালিয়র, আগর-মালওয়া সহ বেশ কয়েকটি জেলায় বৃষ্টির জেরে দিন ও রাতের তাপমাত্রা কমেছে। কোথাও কোথাও জল জমে যান চলাচলেও ব্যাঘাত ঘটেছে। আপাতত ঠান্ডা হাওয়ার সঙ্গে বদলে যাওয়া আবহাওয়ায় মধ্যপ্রদেশবাসীরা আবারও শীতের আমেজ অনুভব করছেন।

এদিন আবহাওয়া দফতরের সূত্রে জানা গিয়েছে, ভোপাল, দাতিয়া, গুনা, গোয়ালিয়র, ইন্দোর, রতলম, শিওপুর, উজ্জয়িনী, ধর, বিদিশা, বারওয়ানি, আগর-মালওয়া, শাজাপুর, মোরেনা, ছত্রপুর, শিবপুরী, সেহোর এবং মান্দসৌর সহ বেশ কয়েকটি জেলায় বৃষ্টি হয়েছে। পূর্বাভাস অনুযায়ী, শনিবার গোয়ালিয়র, চম্বল ও সাগর বিভাগের আটটি জেলায় বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। তবে শনিবার থেকে আবহাওয়া পরিষ্কার হওয়ার ইঙ্গিত মিলেছে।

---------------

হিন্দুস্থান সমাচার / ফারজানা পারভিন




 

 rajesh pande