
কলকাতা, ১৯ ফেব্রুয়ারি (হি. স.) : নিজের বাড়ি থেকে বেরিয়ে নিখোঁজ হয়ে গিয়েছেন জলপাইগুড়ির বাসিন্দা গণেশচন্দ্র দাস। গত ১২ দিন ধরে তাঁর কোনো হদিস না মেলায় চরম উৎকণ্ঠার মধ্যে দিন কাটাচ্ছেন পরিবারের সদস্যরা। ৬১ বছর বয়সি গণেশবাবু জলপাইগুড়ি জেলার বানারহাট থানার অন্তর্গত উত্তর নুনখাওয়া ডাঙ্গা এলাকার বাসিন্দা।
পরিবার সূত্রে জানা গিয়েছে, গত ৫ ফেব্রুয়ারি, বৃহস্পতিবার সকাল প্রায় দশটা নাগাদ স্বাভাবিকভাবেই বাড়ি থেকে বেরিয়েছিলেন গণেশবাবু। দিনভর তিনি বাড়ি না ফিরলেও প্রথমদিকে পরিবারের সদস্যরা ভেবেছিলেন হয়তো কাজে ব্যস্ত আছেন। কিন্তু সন্ধ্যা গড়িয়ে রাত হলেও তিনি না ফেরায় উৎকণ্ঠা বাড়তে থাকে। এরপর আত্মীয়স্বজন ও পরিচিতদের সঙ্গে যোগাযোগ করে সম্ভাব্য সমস্ত জায়গায় খোঁজাখুঁজি করা হলেও তাঁর কোনো সন্ধান মেলেনি।
ঘটনার পর বানারহাট থানায় নিখোঁজ ডায়েরি করা হয়েছে পরিবারের পক্ষ থেকে। তবে এত দিন কেটে গেলেও পুলিশের তদন্তে তেমন কোনো অগ্রগতি নেই বলে অভিযোগ করছেন পরিজনরা। পরিবারের কথায়, গণেশবাবুই ছিলেন সংসারের একমাত্র উপার্জনকারী। তাঁর হঠাৎ নিখোঁজ হয়ে যাওয়ায় পরিবারটি এখন চরম আর্থিক ও মানসিক সঙ্কটের মুখে পড়েছে।
পরিবারের পক্ষ থেকে আবেদন জানানো হয়েছে, যদি কেউ এই বৃদ্ধের সন্ধান পান তবে যেন অবিলম্বে +৯১ ৮৯১৮৮ ০৮২৭১ নম্বরে যোগাযোগ করেন।
হিন্দুস্থান সমাচার / শুভদ্যুতি দত্ত