নয়াগ্রামে ১৩ জন কুষ্ঠরোগীর সফল অস্ত্রোপচার, স্বাস্থ্য পরিষেবায় গুরুত্বপূর্ণ নজির
ঝাড়গ্রাম, ১৯ ফেব্রুয়ারি (হি.স.) : ঝাড়গ্রাম জেলার সীমান্তবর্তী নয়াগ্রামে স্বাস্থ্য পরিষেবার ক্ষেত্রে এক উল্লেখযোগ্য সাফল্য অর্জিত হয়েছে। নয়াগ্রাম সুপার স্পেশালিটি হাসপাতালে ১৩ জন কুষ্ঠ আক্রান্ত রোগীর সফল রিকনস্ট্রাকটিভ সার্জারি সম্পন্ন হয়েছে।

হাসপাতাল সূত্রে জানা গিয়েছে, দীর্ঘদিন ধরে কুষ্ঠ রোগজনিত নানা জটিলতায় ভুগছিলেন এই রোগীরা। হাত ও পায়ের অঙ্গবিকৃতি, স্নায়ুজনিত সমস্যা এবং সংক্রমণের কারণে তাঁদের অস্ত্রোপচার অত্যন্ত জরুরি হয়ে পড়েছিল। বিশেষজ্ঞ চিকিৎসকদের তত্ত্বাবধানে সারাদিন ধরে একাধিক অস্ত্রোপচার সফলভাবে সম্পন্ন হয়।

এই অস্ত্রোপচারে সহায়তার জন্য উপস্থিত ছিলেন আর.জি. কর মেডিকেল কলেজ ও হাসপাতাল এবং এন.আর.এস. মেডিকেল কলেজ ও হাসপাতাল-এর বিশেষজ্ঞ চিকিৎসক দল। তাঁদের সঙ্গে সমন্বয়ে কাজ করেন জেলার হাসপাতালের চিকিৎসকরাও। সার্জন, অ্যানেস্থেটিস্ট ও প্যারামেডিক্যাল কর্মীদের যৌথ প্রচেষ্টায় এই শল্যচিকিৎসা প্রক্রিয়া সম্পন্ন হয়।

চিকিৎসকদের মতে, কুষ্ঠ রোগে আক্রান্ত বহু মানুষ সময়মতো চিকিৎসা না পাওয়ায় গুরুতর শারীরিক সমস্যার সম্মুখীন হন। এ ধরনের বিশেষ অস্ত্রোপচার তাঁদের স্বাভাবিক কর্মক্ষম জীবনে ফিরে যেতে সহায়তা করে।

অস্ত্রোপচারের পর সকল রোগীকেই পর্যবেক্ষণে রাখা হয়েছে এবং তাঁদের শারীরিক অবস্থা বর্তমানে স্থিতিশীল বলে হাসপাতাল কর্তৃপক্ষ জানিয়েছেন।

এ বিষয়ে বৃহস্পতিবার নয়াগ্রাম সুপার স্পেশালিটি হাসপাতাল-এর সুপার ডা. দেবাশীষ মাহাত বলেন, কুষ্ঠ রোগের কারণে অঙ্গবিকৃতির শিকার ব্যক্তিরা সমাজে নানা সমস্যার মুখোমুখি হন। রিকনস্ট্রাকটিভ সার্জারির মাধ্যমে তাঁদের পুনরায় কর্মক্ষম করে তোলা সম্ভব হয়েছে। ঝাড়গ্রাম, পশ্চিম মেদিনীপুর ও পূর্ব মেদিনীপুর জেলার মোট ১৩ জন রোগীর অস্ত্রোপচার সম্পন্ন হয়েছে এবং সকলেই বর্তমানে সুস্থ রয়েছেন।

সীমান্তবর্তী এলাকায় এ ধরনের বিশেষজ্ঞ চিকিৎসা পরিষেবা পৌঁছে দেওয়া জেলার স্বাস্থ্য পরিকাঠামোকে আরও মজবুত করবে বলে মনে করছেন স্বাস্থ্য বিশেষজ্ঞরা।

---------------

হিন্দুস্থান সমাচার / গোপেশ মাহাতো

 rajesh pande