
ক্যানিং, ১৯ ফেব্রুয়ারি ( হি.স.) : এবার হুমায়ুন কবীরের পা ভেঙে দেওয়ার হুঁশিয়ারি দিলেন ক্যানিং পশ্চিমের বিধায়ক পরেশ রাম দাস। সম্প্রতি আলাদা রাজনৈতিক দল গড়েছেন মুর্শিদাবাদের তৃণমূল বিধায়ক হুমায়ুন কবীর। ভিন্ন রাজনৈতিক দল গড়তেই তৃণমূল সম্পর্কে নানা ধরনের কটুক্তি করতে শুরু করেছেন তিনি। মমতা বন্দ্যোপাধ্যায়, অভিষেক বন্দ্যোপাধ্যায় সম্পর্কে একের পর এক কুরুচিকর মন্তব্য করছেন তিনি। আর তাই বৃহস্পতিবার ক্যানিং পশ্চিম এর বিধায়ক পরেশ রাম দাস নিজের দলীয় কার্যালয়ে সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে হুমায়ুনের বিরুদ্ধে একরাশ ক্ষোভ উপড়ে দেন। তাঁর বিধানসভা কেন্দ্রে হুমায়ুন কবীর যদি আসে তাহলে তৃণমূল কংগ্রেস কর্মীরা তাঁর পা ভেঙে এখানেই রেখে দেবে বলে হুঁশিয়ারিও দেন তিনি। পরেশ বলেন, “ হুমায়ুন আসলে বিজেপির বি টিম হিসেবে কাজ করছে। মুসলমান সম্প্রদায়ের মানুষজন ভুল বুঝিয়ে এলাকায় সম্প্রীতির বাতাবরণ নষ্ট করছে। ক্যানিং পশ্চিম বিধানসভায় এলে তৃণমূল কর্মীরাই ওঁর দুটো পা ভেঙে দেব।”
---------------
হিন্দুস্থান সমাচার / পার্সতি সাহা