
গুয়াহাটি, ১৯ ফেব্ৰুয়ারি (হি.স.) : আসন্ন বিধানসভা নির্বাচনে দলীয় কর্মীদের চাঙ্গা করতে দুদিনের সফরে গুয়াহাটি এসেছেন সর্বভারতীয় কংগ্রেস নেত্র্রী, ওয়ায়নাড়ের সাংসদ এবং দলের স্ক্রিনিং কমিটির চেয়ারপার্সন প্রিয়াঙ্কা ভদরা গান্ধী।
আজ বৃহস্পতিবার সকালে বড়ঝারে লোকপ্রিয় গোপীনাথ বরদলৈ আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করলে দলীয় নেত্রীকে উষ্ণ স্বাগত জানান অসম প্রদেশ কংগ্রেস সভাপতি গৌরব গগৈ এবং দলের বিভিন্ন পদমর্যাদার পদাধিকারী এবং কর্মীরা।
বিমানবন্দর থেকে তিনি সরাসরি চলে যান পবিত্র কামাখ্যা মন্দিরে। মন্দিরে মা কামাখ্যার পূজা করার পর প্রিয়াঙ্কাকে নিয়ে সোজা চলে যাওয়া হয় অসম প্রদেশ কংগ্রেস কমিটির সদর কার্যালয় রাজীব ভবনে।
কংগ্রেসের স্ক্রিনিং কমিটির চেয়ারপার্সন হিসেবে প্রিয়াঙ্কা গান্ধী আসন্ন অসম বিধানসভা নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতার জন্য প্রার্থী বাছাই প্রক্রিয়া তদারকি করছেন। সে অনুযায়ী তিনি রাজীব ভবনে স্ক্রিনিং সংক্রান্ত একাধিক বৈঠকে পৌরোহিত্য করছেন।
দলীয় নেতাদের বক্তব্য, এটাই প্রথমবারের মতো অসমে কংগ্রেস এতটা বিস্তৃত, সুসংগঠিত ও পরামর্শভিত্তিক স্ক্রিনিং প্রক্রিয়া গ্রহণ করেছে। অসম প্রদেশ কংগ্রেস সূত্রে জানা গেছে, আগামী কয়েক মাসে প্রিয়াঙ্কা একাধিকবার রাজ্যে আসতে পারেন। তিনি সংগঠনের অগ্রগতি পর্যালোচনা, তৃণমূল স্তরের প্রতিক্রিয়া সংগ্রহ এবং রাজ্য ও কেন্দ্রীয় নেতৃত্বের মধ্যে সমন্বয় আরও জোরদার করার ওপর গুরুত্ব দেবেন। তাঁরা জানান, দল দ্রুত স্ক্রিনিং প্রক্রিয়া সম্পন্ন করার লক্ষ্য নিয়েছে। কেন্দ্রীয় নেতৃত্বের সঙ্গে আলোচনার পর ফেব্রুয়ারির শেষ নাগাদ কংগ্রেস প্রার্থীদের প্রথম দফার তালিকা প্রকাশ করা হতে পারে বলে ইঙ্গিত মিলেছে।
প্রদেশ নেতাদের দাবি, নির্বাচনী লড়াই যতই গতি পাচ্ছে, সাংগঠনিক প্রস্তুতি ও প্রার্থী চূড়ান্ত করার ক্ষেত্রে কংগ্রেস অন্য দলগুলির তুলনায় এগিয়ে।
হিন্দুস্থান সমাচার / সমীপ কুমার দাস