
কলকাতা, ১৯ ফেব্রুয়ারি (হি. স.) : অন্যান্য জায়গার পাশাপাশি নদিয়ার নবদ্বীপেও যথাযোগ্য মর্যাদায় পালিত হলো শ্রীরামকৃষ্ণদেবের ১৯১তম জন্মতিথি। নবদ্বীপ রামকৃষ্ণ মিশন প্রাঙ্গণে বৃহস্পতিবার ভোরের আলো ফুটতেই ভক্তদের ঢল নামে। পরম আরাধ্য শ্রীরামকৃষ্ণদেবের এই বিশেষ তিথি উপলক্ষে ভোর সাড়ে চারটেয় মঙ্গল আরতির মাধ্যমেই দিনব্যাপী আধ্যাত্মিক কর্মসূচির সূচনা হয়।
মঙ্গল আরতির পর মূল মন্দিরে বিশেষ পূজা, হোম-যজ্ঞ ও বেদপাঠ অনুষ্ঠিত হয়। দিনভর চলে ভক্তিগীতি, স্তবগান, ধর্মসভা ও শাস্ত্র আলোচনা। মঠের সন্ন্যাসীরা ঠাকুরের জীবনদর্শন, সর্বধর্ম সমন্বয়ের বাণী ও মানবপ্রেমের শিক্ষা ভক্তদের সামনে তুলে ধরেন। বিশেষ করে শ্রীরামকৃষ্ণের কালজয়ী বাণী—“যত মত তত পথ”-এর প্রাসঙ্গিকতা আজকের আলোচনায় গুরুত্ব পায়।
রামকৃষ্ণ মঠ ও মিশনের পক্ষ থেকে জানানো হয়েছে, এ বছর মোট তিন দিনব্যাপী কর্মসূচির আয়োজন করা হয়েছে। গত বুধবার বর্ণাঢ্য শোভাযাত্রা ও ছাত্রছাত্রীদের মধ্যে শিক্ষাসামগ্রী বিতরণের কাজ সম্পন্ন হয়েছে। বৃহস্পতিবার ভক্তদের মধ্যে প্রসাদ বিতরণের মধ্য দিয়েই উৎসবের মূল পর্বটি পালিত হয়। আগামী ২২ ফেব্রুয়ারি যাত্রাপালা ‘সূর্যপুত্র কর্ণ’-এর অভিনয়ের মাধ্যমে এই বছরের অনুষ্ঠানের সমাপ্তি ঘটবে।
হিন্দুস্থান সমাচার / শুভদ্যুতি দত্ত