
আগরতলা, ১৯ ফেব্রুয়ারি (হি.স.) : পুনর্বাসন প্রকল্পে বকেয়া অর্থের মঞ্জুরি-সহ তিন দফা দাবিতে আবারও আন্দোলনের পথে নামছে আত্মসমর্পণকারী জঙ্গিদের সংগঠন ত্রিপুরা গেরিলা রিটার্নিজ ডিমান্ড কমিটি (টিজিআরডিসি)। বৈঠকের নাম করে ডেকে এনে জনজাতি কল্যাণ দফতরের অধিকর্তা ও মন্ত্রীর অনুপস্থিতিকে “রসিকতা” বলে অভিযোগ তুলে শুক্রবার থেকে অনির্দিষ্টকালের জন্য জাতীয় সড়ক ও রেল অবরোধের ঘোষণা দিয়েছে সংগঠনটি।
সংগঠন সূত্রে জানা গেছে, গত বছরের ডিসেম্বর মাসে একই দাবিতে অসম–আগরতলা জাতীয় সড়ক অবরোধ করা হয়েছিল। পরে রাজ্য সরকারের এক প্রতিনিধি দল সচিবালয়ে বৈঠকের আশ্বাস দিলে ডিসেম্বরের তৃতীয় সপ্তাহে টিজিআরডিসি-এর প্রতিনিধিরা জনজাতি কল্যাণ দফতরের মন্ত্রীর চেম্বারে যান। কিন্তু গুরুত্বপূর্ণ কাজে বাইরে থাকায় মন্ত্রীর অনুপস্থিতির কারণে সেদিন বৈঠক হয়নি। এরপর প্রায় দুই মাস কেটে গেলেও নতুন করে আলোচনার কোনও উদ্যোগ নেওয়া হয়নি বলে অভিযোগ সংগঠনের।
সম্প্রতি সাংবাদিক সম্মেলন করে টিজিআরডিসি ঘোষণা করে, ২০ ফেব্রুয়ারি থেকে তারা অনির্দিষ্টকালের জন্য অসম–আগরতলা জাতীয় সড়ক ও রেল অবরোধে যাবে। এই ঘোষণার পর বৃহস্পতিবার পুনরায় দফতরের পক্ষ থেকে সংগঠনের নেতৃবৃন্দকে বৈঠকে ডাকা হয়। সংগঠনের প্রতিনিধি দল নির্ধারিত সময়ে অধিকর্তার কার্যালয়ে উপস্থিত হলেও সেখানে অধিকর্তা বা মন্ত্রী কেউই উপস্থিত ছিলেন না বলে দাবি করা হয়েছে। দীর্ঘক্ষণ অপেক্ষার পর তারা ফিরে যান।
ফিরে যাওয়ার পথে সাংবাদিকদের মুখোমুখি হয়ে টিজিআরডিসি-এর সদস্য সচিব ধনঞ্জয় রিয়াং বলেন, “আমরা অত্যন্ত দুঃখিত। বারবার ডেকে এনে অপমান করা হচ্ছে। তাই শুক্রবার সকাল থেকে আমরা বাধ্য হয়ে অনির্দিষ্টকালের জন্য জাতীয় সড়ক ও রেল অবরোধে যাচ্ছি।” তিন দফা দাবির ভিত্তিতেই এই আন্দোলন বলে জানান তিনি।
জানা গেছে, শুক্রবার সকাল থেকে বরমুড়া পাহাড় এলাকায় অসম–আগরতলা জাতীয় সড়ক অবরোধ করা হবে। পাশাপাশি ভৃগুদাসপাড়ায় রেল অবরোধ কর্মসূচিও পালন করবে সংগঠনটি।
উল্লেখ্য, কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর রাজ্য সফরের দিনেই এই কর্মসূচি পালিত হতে চলেছে। ফলে রাজ্যের সার্বিক পরিস্থিতির উপর এর প্রভাব পড়তে পারে বলে মনে করছে বিভিন্ন মহল।
হিন্দুস্থান সমাচার / গোবিন্দ দেবনাথ