
কলকাতা, ১৯ ফেব্রুয়ারি (হি. স.) : ফের এক বার সম্বোধন নিয়ে বিতর্কে জড়ালেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। এ বার রামকৃষ্ণ পরমহংসদেবকে ‘স্বামী’ বলে সম্বোধন করলেন তিনি। যা নিয়ে ফের বিতর্ক দানা বেঁধেছে। সম্বোধন বিতর্কে ইতিমধ্যে সরব হয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।
মুখ্যমন্ত্রী লিখেছেন, মোদীর এমন সম্বোধনে তিনি স্তম্ভিত। বাঙালি মনীষীদের নামের সঙ্গে নতুন নতুন ‘উপসর্গ’ এবং ‘প্রত্যয়’ প্রয়োগ না করার জন্য মোদীকে পরামর্শ দিয়েছেন তিনি।
বৃহস্পতিবার ঠাকুর রামকৃষ্ণপরমহংস দেবের জন্মতিথি। এদিন সকালেই প্রধানমন্ত্রীর এক্স হ্যান্ডেলে পোস্ট করে তাঁকে শ্রদ্ধা জানানো হয়। বলা হয়, “স্বামী রামকৃষ্ণ পরমহংসজির জন্মজয়ন্তীতে শ্রদ্ধাঞ্জলী। উনি আধ্যাত্ম ও সাধনাকে যেভাবে জীবনীশক্তিতে রূপান্তরিত করেছেন, সেটা বহু যুগ মানবতার কল্যাণে কাজে লাগবে। ওঁর আদর্শ এবং বার্তা আগামী দিনে আমাদের প্রেরণা দেবে।”
ওই পোস্টে রামকৃষ্ণদেবকে ‘স্বামী’ হিসাবে সম্বোধন নিয়ে স্বাভাবিকভাবেই বিতর্ক তৈরি হয়। ‘আমি আবারও স্তম্ভিত— এই মন্তব্য করে ’মুখ্যমন্ত্রী লেখেন, ‘বাংলার মনীষীদের প্রতি আমাদের প্রধানমন্ত্রীর অবহেলা, অসংবেদনশীলতা আজ আবার প্রকট হল। আজ যুগাবতার শ্রীশ্রী রামকৃষ্ণ পরমহংসদেবের জন্মতিথি। এই পুণ্য লগ্নে তাঁকে প্রণাম জানাতে গিয়ে প্রধানমন্ত্রী তাঁর নামের আগে একটা অশ্রুতপূর্ব, অপ্রযোজ্য তকমা জুড়ে দিলেন-‘স্বামী’!
সবাই জানেন, শ্রীশ্রীরামকৃষ্ণ আপামর মানুষের কাছে ‘ঠাকুর’ হিসেবে পূজিত। তাঁর দেহাবসানের পর তাঁর সন্ন্যাসী শিষ্যরা রামকৃষ্ণ মঠ ও মিশন তৈরি করেন এবং ভারতীয় ঐতিহ্য মেনে সেই সন্ন্যাসীদের নামের আগে ‘স্বামী’ উপাধি বসে। কিন্তু স্বয়ং আচার্যদেব সব সময় ‘ঠাকুর’ নামেই পরিচিত। রামকৃষ্ণ সংঘের যে পবিত্র ত্রয়ী-ঠাকুর-মা-স্বামীজি-সেখানেও তিনি ঠাকুর। মা সারদা ‘মা’ এবং বিবেকানন্দ হলেন ‘স্বামীজি’।’
সেখানেই প্রধানমন্ত্রীকে উদ্দেশ্য করে তিনি লেখেন, ‘আমি প্রধানমন্ত্রীকে সনির্বন্ধ অনুরোধ জানাচ্ছি, আধুনিক ভারতের রূপকার বাংলার এই নবজাগরণের মহাপুরুষদের অপমান করা দয়া করে বন্ধ করুন। তাঁদের জন্য রোজ নতুন নতুন বিশেষণ আবিষ্কার করার কোনও প্রয়োজন নেই। দয়া করে, বাংলার আবেগকে এভাবে বারবার আঘাত করা বন্ধ করুন।’
প্রসঙ্গত, সংসদে দাঁড়িয়ে ঋষি বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়কে ‘বঙ্কিমদা’ বলেছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। তা নিয়ে তুমুল বিতর্কও হয়েছিল। এবার জন্মতিথিতে ঠাকুর শ্রী রামকৃষ্ণপরমহংসদেকে শ্রদ্ধা জানাতে গিয়ে ফের তৈরি হল বিতর্ক।
---------------
হিন্দুস্থান সমাচার / মৌসুমী সেনগুপ্ত