
ঘাটাল, ১৯ ফেব্রুয়ারি (হি. স.) : উচ্চমাধ্যমিক পরীক্ষা দিতে যাওয়ার পথে দুর্ঘটনার কবলে পড়ল ছাত্রীবোঝাই একটি টোটো। বৃহস্পতিবার সকালে ঘাটালের মনোহরপুর এলাকায় রাস্তার ধারে ফেলে রাখা বালির স্তূপের কারণে এই দুর্ঘটনা ঘটে বলে অভিযোগ। আহত হয় ছয় পরীক্ষার্থীর মধ্যে দুইজন, তাঁদের ঘাটাল হাসপাতালে ভর্তি করা হয়েছে।জানা গিয়েছে, ঘাটাল রত্নেশ্বরবাটি উচ্চ বিদ্যালয়ের ছয়জন ছাত্রী একটি টোটো করে ঘাটাল বসন্তকুমারী উচ্চ বালিকা বিদ্যালয়ে পরীক্ষা দিতে যাচ্ছিলেন। পথে মনোহরপুর এলাকায় রাস্তার ধারে জমা করে রাখা বালির উপর দিয়ে গাড়ি উঠতেই নিয়ন্ত্রণ হারিয়ে টোটোটি উল্টে যায়। টোটো চালক ও ছাত্রীরা জানান, রাস্তার পাশে নির্মাণ সামগ্রী ফেলে রাখার কারণেই এই দুর্ঘটনা ঘটে।দুর্ঘটনার পর স্থানীয় বাসিন্দারা দ্রুত আহতদের উদ্ধার করে ঘাটাল হাসপাতালে নিয়ে যান। প্রাথমিক চিকিৎসার পর চারজনকে ছেড়ে দেওয়া হলেও গুরুতর আহত দুই পরীক্ষার্থীকে ভর্তি রাখা হয়েছে।স্থানীয়দের অভিযোগ, কিছু অসাধু ব্যবসায়ী বছরের পর বছর রাস্তার ধারে নির্মাণ সামগ্রী ফেলে রেখে ব্যবসা চালালেও প্রশাসনের নজরদারি নেই। মাঝেমধ্যেই দুর্ঘটনা ঘটলেও কার্যকর ব্যবস্থা নেওয়া হয় না বলেই দাবি তাঁদের।
হিন্দুস্থান সমাচার / এ. গঙ্গোপাধ্যায়