
দুর্গাপুর, ১৯ ফেব্রুয়ারি (হি.স.) : পশ্চিমবঙ্গের বিশেষ নিবিড় সংশোধন (এসআইআর) প্রক্রিয়ায় একাধিক নথিগত অসঙ্গতি সামনে আসায় রাজ্য সরকারের বিরুদ্ধে কটাক্ষে সরব হল বিজেপি। বৃহস্পতিবার দুর্গাপুরে এক বেসরকারি হাসপাতালের শিলান্যাস অনুষ্ঠানে যোগ দিয়ে বিজেপির রাজ্য সভাপতি শমিক ভট্টাচার্য বলেন, “মহাভারতে একজন ধৃতরাষ্ট্র ছিল, আর পশ্চিমবঙ্গের ভোটার তালিকায় সাতজন ধৃতরাষ্ট্র। ৪২ বছরের দাদুর ২২ বছরের নাতি—এটাই তো ‘এগিয়ে বাংলা’।”
প্রসঙ্গত, রাজ্যজুড়ে চলা এসআইআর শুনানি পর্বে ভোটার তালিকায় একাধিক অসঙ্গতি ধরা পড়ছে। সম্প্রতি দক্ষিণ ২৪ পরগনা জেলার মগরাহাট ব্লকে স্বাস্থ্য দফতরের তরফে ইস্যু করা একটি জন্ম শংসাপত্রে গুরুতর গরমিল ধরা পড়ে। নথি অনুযায়ী, ১৯৯০ সালে জন্ম হলেও সংশ্লিষ্ট ব্যক্তির জন্মের শংসাপত্রের রেজিস্ট্রেশন হয়েছে জন্মের প্রায় দু’মাস আগে। বিষয়টি কমিশনের রোল অবজার্ভারদের নজরে আসার পর দক্ষিণ ২৪ পরগনার জেলা নির্বাচন আধিকারিককে পুনরায় যাচাইয়ের নির্দেশ দেওয়া হয়েছে বলে কমিশন সূত্রে জানা গেছে।
এই প্রসঙ্গে শমিক ভট্টাচার্য বলেন, “এগুলোই বাংলার বাস্তব চিত্র। জন্মের আগেই জন্মের শংসাপত্র—এর চেয়ে বড় অসঙ্গতি কী হতে পারে?” তিনি দাবি করেন, ভোটার তালিকা সংশোধনের সময় আরও এমন গরমিল সামনে আসছে। এদিন বেলেডাঙার ঘটনা প্রসঙ্গে এনআইএ-এর তরফে পুলিশের অসহযোগিতার অভিযোগের প্রসঙ্গ তুলে বিজেপি নেতা বলেন, “ভোট-পরবর্তী হিংসায় বহু বিজেপি কর্মী নিহত ও নির্যাতিত হয়েছেন। সিবিআই তদন্তে প্রমাণ লোপাটের অভিযোগ উঠেছে। সিবিআই, ইডি হলে যেমন বাধা দেওয়া হয়, এনআইএর ক্ষেত্রেও তাই হচ্ছে। রাজ্যে কার্যত কোনও সরকার নেই।” এসআইআর প্রক্রিয়া চলাকালীন নথিগত অসঙ্গতি ও রাজনৈতিক তরজা ঘিরে স্বাভাবিকভাবেই রাজ্য রাজনীতিতে উত্তাপ বাড়ছে।
---------------
হিন্দুস্থান সমাচার / জয়দেব লাহা