তেলিয়ামুড়ায় হ্যান্ডলুম এক্সপো ঘিরে প্রস্তুতি সভা, জোরকদমে আয়োজন
তেলিয়ামুড়া (ত্রিপুরা), ১৯ ফেব্রুয়ারি (হি.স.) : স্বদেশী শিল্পকে পুনরায় জনপ্রিয় করতে উদ্যোগী হয়েছে ত্রিপুরা সরকার। হস্ততাঁত ও হস্তকারু শিল্প শুধুমাত্র ঐতিহ্যের ধারক নয়, গ্রামীণ অর্থনীতির অন্যতম ভিত্তি—এই বার্তা সামনে রেখে আগামী ২৫ ফেব্রুয়ারি থেকে শুর
প্রস্তুতি বৈঠকে মন্ত্রী বিকাশ দেববর্মা


তেলিয়ামুড়া (ত্রিপুরা), ১৯ ফেব্রুয়ারি (হি.স.) : স্বদেশী শিল্পকে পুনরায় জনপ্রিয় করতে উদ্যোগী হয়েছে ত্রিপুরা সরকার। হস্ততাঁত ও হস্তকারু শিল্প শুধুমাত্র ঐতিহ্যের ধারক নয়, গ্রামীণ অর্থনীতির অন্যতম ভিত্তি—এই বার্তা সামনে রেখে আগামী ২৫ ফেব্রুয়ারি থেকে শুরু হতে চলেছে ১৪ দিনব্যাপী ‘রাজ্য ভিত্তিক হ্যান্ডলুম এক্সপো ২০২৫-২৬’। খোয়াই জেলার তেলিয়ামুড়ার চাকমাঘাটস্থিত খোয়াই নদী ব্যারেজ প্রাঙ্গণে মেলাটি অনুষ্ঠিত হবে।

এই মেলার প্রস্তুতি উপলক্ষ্যে বৃহস্পতিবার তেলিয়ামুড়া মহকুমা শাসকের কার্যালয়ের কনফারেন্স হলে এক প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন জনজাতি কল্যাণমন্ত্রী বিকাশ দেববর্মা। উপস্থিত ছিলেন খোয়াই জিলা পরিষদের সহ-সভাধিপতি সত্যেন্দ্র চন্দ্র দাস, তেলিয়ামুড়া পুর পরিষদের চেয়ারপার্সন রূপক সরকার, তেলিয়ামুড়া পঞ্চায়েত সমিতির চেয়ারপার্সন দীপা দেব, হস্ততাঁত ও হস্তকারু দফতরের অধিকর্তা অজিত শুক্ল দাস, খোয়াই জেলার অতিরিক্ত জেলাশাসক অভিজিৎ চক্রবর্তী এবং তেলিয়ামুড়া মহকুমার মহকুমা শাসক অপূর্ব কৃষ্ণ চক্রবর্তী-সহ বিভিন্ন দফতরের আধিকারিকরা।

সভায় মন্ত্রী বিকাশ দেববর্মা বলেন, এই মেলার মাধ্যমে স্বদেশী পণ্য ব্যবহারের গুরুত্ব সাধারণ মানুষের কাছে তুলে ধরা হবে। স্বদেশী পণ্যের জনপ্রিয়তা বৃদ্ধি পেলে বিকশিত ভারত গঠনে তা গুরুত্বপূর্ণ ভূমিকা নেবে। বিশেষ করে মহিলাদের আত্মনির্ভর করে তুলতে হস্ততাঁত শিল্পের বড় ভূমিকা রয়েছে এবং এই মেলা সেই প্রচেষ্টাকে আরও এগিয়ে নিয়ে যাবে।

জানা গেছে, মেলায় মোট ৬০টি স্টল থাকবে। পশ্চিমবঙ্গ, হরিয়ানা, অসম, মণিপুর, উত্তরপ্রদেশ ও জম্মু ও কাশ্মীর-সহ মোট ১০টি রাজ্যের হস্ততাঁত ও হস্তকারু শিল্পীরা তাঁদের উৎপাদিত বস্ত্র ও বিভিন্ন কারুশিল্প সামগ্রী নিয়ে অংশগ্রহণ করবেন। মেলাকে সাফল্যমণ্ডিত করতে বিভিন্ন কমিটি গঠন করা হয়েছে এবং প্রস্তুতি জোরকদমে চলছে।

হিন্দুস্থান সমাচার / গোবিন্দ দেবনাথ




 

 rajesh pande