
বিশালগড় (ত্রিপুরা), ১৯ ফেব্রুয়ারি (হি.স.) : মোবাইল ফোনের লোভ দেখিয়ে এক যুবকের কাছ থেকে টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগ উঠেছে প্রতারক চক্রের বিরুদ্ধে। ঘটনাটি ঘটেছে সিপাহিজলা জেলার কমলাসাগর ২৬ কার্ড এলাকার বাসিন্দা বিকাশ দাসের সঙ্গে।
জানা গেছে, গত কয়েকদিন ধরে একটি অচেনা নম্বর থেকে বিকাশ দাসের মোবাইলে বারবার ফোন করা হয়। ফোনের অপর প্রান্ত থেকে জানানো হয়, বাজারে ১০-১২ হাজার টাকা মূল্যের একটি রেডমি কোম্পানির মোবাইল ফোন মাত্র ৪৬০০ টাকায় দেওয়া হবে। প্রথমে তিনি রাজি না হলেও পরে প্রতারকদের কথায় প্রলুব্ধ হয়ে পড়েন। তাঁকে বলা হয়, আগে টাকা দিতে হবে না—মধুপুর পোস্ট অফিসে পার্সেল পৌঁছালে টাকা দিয়ে মোবাইল গ্রহণ করতে পারবেন।
বৃহস্পতিবার দুপুরে মধুপুর পোস্ট অফিসে একটি পার্সেল আসার খবর পেয়ে বিকাশ দাস সেখানে পৌঁছে ৪৬০০ টাকা জমা দেন। কিন্তু পার্সেল খুলতেই তিনি হতবাক হয়ে যান। মোবাইল ফোনের বদলে ভিতরে ছিল দুটি পুরনো বেল্ট ও একটি নষ্ট হাতঘড়ি, যার আনুমানিক মূল্য ২০০ টাকার বেশি নয়।
ঘটনার পর তিনি হতাশ হয়ে পড়েন এবং ওই নম্বরে যোগাযোগ করলে বিকেল তিনটার মধ্যে বাড়িতে মোবাইল পৌঁছে দেওয়ার আশ্বাস দেওয়া হয়। তবে তা এখনও বাস্তবায়িত হয়নি বলে জানা গেছে।
এ ঘটনায় বিকাশ দাস মধুপুর থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন। পুলিশ পুরো বিষয়টি খতিয়ে দেখছে। উল্লেখ্য, সম্প্রতি এ ধরনের কুরিয়ার-পার্সেল প্রতারণার ঘটনা বিভিন্ন এলাকায় বাড়ছে বলে স্থানীয়দের অভিযোগ। প্রশাসনের কঠোর পদক্ষেপের দাবি তুলেছেন এলাকাবাসী।
হিন্দুস্থান সমাচার / গোবিন্দ দেবনাথ