বিলোনিয়ায় ইটভাট্টায় দুর্ঘটনা, ঝাড়খণ্ডের শ্রমিকের মর্মান্তিক মৃত্যু
বিলোনিয়া (ত্রিপুরা), ১৯ ফেব্রুয়ারি (হি.স.) : ইটভাট্টায় কাজ করার সময় ইটের স্তুপ ধসে ভিনরাজ্যের এক শ্রমিকের মৃত্যু ঘিরে চাঞ্চল্য ছড়িয়েছে দক্ষিণ ত্রিপুরা জেলার বিলোনিয়া মহকুমায়। ঘটনাটি বৃহস্পতিবার সকালে বিলোনিয়া থানাধীন দক্ষিণ সোনাইছড়ি এলাকার জে বি আই
মৃতদেহ উদ্ধার


বিলোনিয়া (ত্রিপুরা), ১৯ ফেব্রুয়ারি (হি.স.) : ইটভাট্টায় কাজ করার সময় ইটের স্তুপ ধসে ভিনরাজ্যের এক শ্রমিকের মৃত্যু ঘিরে চাঞ্চল্য ছড়িয়েছে দক্ষিণ ত্রিপুরা জেলার বিলোনিয়া মহকুমায়। ঘটনাটি বৃহস্পতিবার সকালে বিলোনিয়া থানাধীন দক্ষিণ সোনাইছড়ি এলাকার জে বি আই ইট ভাট্টায় ঘটে।

পুলিশ সূত্রে জানা গেছে, মৃত শ্রমিকের নাম প্রকাশ মুণ্ডা (২৫)। তিনি ঝাড়খণ্ডের মন্দার জেলার বাসিন্দা। প্রকাশ মুণ্ডা স্ত্রীসহ ওই ভাট্টায় শ্রমিকের কাজ করতেন।

বৃহস্পতিবার সকালে ইটের চুলা থেকে ইট বের করার সময় হঠাৎ ইটের স্তুপ ভেঙে পড়ে তাঁর উপর। সহকর্মীরা উদ্ধার করে বিলোনিয়া মহকুমা হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন। খবর পেয়ে দমকল বাহিনীও ঘটনাস্থলে পৌঁছায়। বর্তমানে মৃতদেহটি বিলোনিয়া মহকুমা হাসপাতালের মর্গে রাখা হয়েছে। বিলোনিয়া থানার পুলিশ একটি অস্বাভাবিক মৃত্যু মামলা রুজু করে তদন্ত শুরু করেছে।মৃতের স্ত্রী পুলিশকে জানিয়েছেন, কর্মরত অবস্থাতেই ইটের চাপা পড়ে তাঁর স্বামীর মৃত্যু হয়েছে।

এদিকে, শ্রমিকের মৃত্যুকে কেন্দ্র করে রাজনৈতিক প্রতিক্রিয়াও দেখা দিয়েছে। সিপিআই(এম) বিলোনিয়া মহকুমা সম্পাদক বিজয় তিলক, সিআইটিইউ নেতা আশিষ দত্ত, প্রদ্যোৎ সাহা, বাবুল শীল ও জয়দেব ভৌমিকসহ প্রতিনিধিদল হাসপাতালে গিয়ে নিহতের পরিবারের সঙ্গে কথা বলেন। পরে তাঁরা দক্ষিণ জেলা শ্রম আধিকারিকের সঙ্গে দেখা করে নিয়ম অনুযায়ী ক্ষতিপূরণ ও প্রয়োজনীয় সহায়তার দাবি জানান এবং ঘটনাস্থলও পরিদর্শন করেন।

সিআইটিইউ নেতৃত্বের অভিযোগ, দীর্ঘ সময় পেরিয়ে গেলেও জেলা শ্রম দফতর ঘটনাটি সম্পর্কে অবগত ছিল না। পরে শ্রম আধিকারিক বিষয়টি খতিয়ে দেখার আশ্বাস দিয়েছেন। প্রশাসনের তরফে এ বিষয়ে এখনও বিস্তারিত কোনও প্রতিক্রিয়া পাওয়া যায়নি।

হিন্দুস্থান সমাচার / গোবিন্দ দেবনাথ




 

 rajesh pande