আগামীকাল আগরতলায় যৌথ আঞ্চলিক রাজভাষা সম্মেলন, যোগ দেবেন কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রী অমিত শাহ
আগরতলা, ১৯ ফেব্রুয়ারি (হি.স.) : রাজধানী আগরতলায় শুক্রবার অনুষ্ঠিত হতে চলেছে পূর্ব, উত্তর-পূর্ব এবং উত্তর অঞ্চলের যৌথ আঞ্চলিক রাজভাষা সম্মেলন। সম্মেলনে প্রায় তিন হাজার প্রতিনিধি অংশগ্রহণ করবেন বলে জানানো হয়েছে। বৃহস্পতিবার আগরতলায় রাজ্য অতিথিশাল
আগরতলায় সাংবাদিক সম্মেলন


আগরতলা, ১৯ ফেব্রুয়ারি (হি.স.) : রাজধানী আগরতলায় শুক্রবার অনুষ্ঠিত হতে চলেছে পূর্ব, উত্তর-পূর্ব এবং উত্তর অঞ্চলের যৌথ আঞ্চলিক রাজভাষা সম্মেলন। সম্মেলনে প্রায় তিন হাজার প্রতিনিধি অংশগ্রহণ করবেন বলে জানানো হয়েছে।

বৃহস্পতিবার আগরতলায় রাজ্য অতিথিশালায় আয়োজিত এক সাংবাদিক সম্মেলনে কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রকের রাজভাষা বিভাগের সচিব এ. আরিয়া এ কথা জানান। তিনি জানান, শুক্রবার বেলা বারোটা থেকে রাজধানীর হাপানিয়াস্থিত আন্তর্জাতিক মেলা প্রাঙ্গণের সেমিনার হলে সম্মেলনের সূচনা হবে।

সম্মেলনে প্রধান বক্তা হিসেবে উপস্থিত থাকবেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। তিনি বেলা আড়াইটায় সম্মেলনে যোগ দিয়ে বক্তব্য রাখবেন বলে জানানো হয়েছে। দেশের পূর্ব, উত্তর-পূর্ব ও উত্তরাঞ্চলের বিভিন্ন রাজ্য থেকে প্রায় আড়াই হাজার প্রতিনিধি এবং ত্রিপুরা রাজ্যের প্রতিনিধিদের মিলিয়ে মোট প্রায় তিন হাজার প্রতিনিধি এই সম্মেলনে অংশ নেবেন।

সাংবাদিকদের প্রশ্নের উত্তরে সচিব এ. আরিয়া বলেন, সংবিধানের প্রদত্ত ক্ষমতার ভিত্তিতে কেন্দ্রীয় সরকার দেশে সরকারি ভাষা হিসেবে হিন্দির ব্যবহার প্রসারে উদ্যোগী হয়েছে এবং এই ভাষার লিপি থাকবে দেবনাগরী। ভাষার বিকাশ ও প্রসারের লক্ষ্যে দেশের বিভিন্ন অঞ্চলে ধারাবাহিকভাবে আঞ্চলিক রাজভাষা সম্মেলন অনুষ্ঠিত হচ্ছে। আগরতলার সম্মেলন সেই ধারাবাহিকতারই অংশ।

ককবরক ভাষার লিপি প্রসঙ্গে তিনি স্পষ্ট করে জানান, রোমান না দেবনাগরী—কোন লিপি গ্রহণ করা হবে, তা নির্ধারণ করবে রাজ্য সরকার। এ বিষয়ে রাজ্য বিধানসভায় প্রস্তাব পাশ করতে হবে এবং পরবর্তীতে রাষ্ট্রপতির অনুমোদন নিতে হবে। হরফ সংক্রান্ত সিদ্ধান্ত সম্পূর্ণরূপে রাজ্য সরকারের বিষয় বলেও তিনি উল্লেখ করেন।

এদিকে সম্মেলনে যোগ দিতে বৃহস্পতিবার থেকেই বিভিন্ন রাজ্যের প্রতিনিধিরা আগরতলায় পৌঁছাতে শুরু করেছেন। সম্মেলনকে সাফল্যমণ্ডিত করতে প্রশাসনিক মহলে ব্যাপক প্রস্তুতি ও তৎপরতা লক্ষ্য করা যাচ্ছে।

হিন্দুস্থান সমাচার / গোবিন্দ দেবনাথ




 

 rajesh pande