
আগরতলা, ১৯ ফেব্রুয়ারি (হি.স.) : লেম্বুছড়াস্থিত কেন্দ্রীয় সংস্কৃত বিশ্ববিদ্যালয়ের সম্মেলন কক্ষে আয়োজিত আঞ্চলিক বৈদিক সম্মেলনের সমাপ্তি অনুষ্ঠান বৃহস্পতিবার অনুষ্ঠিত হয়েছে। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজ্যপাল ইন্দ্রসেনা রেড্ডি নাল্লু।
সমাপনী ভাষণে রাজ্যপাল বলেন, বৈদিক সাহিত্য ভারতের প্রাচীন জ্ঞানভান্ডার। দেশের এই ঐতিহ্যকে সংরক্ষণ ও সাধারণ মানুষের কাছে সহজলভ্য করে তুলতে ডিজিটাল মাধ্যমে সংরক্ষণের ওপর গুরুত্ব আরোপ করা প্রয়োজন। তিনি উল্লেখ করেন, বিকশিত ভারতের পথে অগ্রসর হতে গেলে বেদে নিহিত জ্ঞান আমাদের পথপ্রদর্শক হতে পারে। সংস্কৃত ভাষার প্রসার ও জনপ্রিয়তা বৃদ্ধিতে বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ও ছাত্রছাত্রীদের আরও সক্রিয়ভাবে এগিয়ে আসার আহ্বানও জানান তিনি।
অনুষ্ঠানে বৈদিক সম্মেলনে অংশগ্রহণকারীদের হাতে সনদপত্র তুলে দেন রাজ্যপাল। উপস্থিত ছিলেন বিশিষ্ট সংস্কৃত পণ্ডিত ভেঙ্কটরমন গণপতি। স্বাগত বক্তব্য রাখেন বিশ্ববিদ্যালয়ের অধিকর্তা প্রফেসর মাখলেশ কুমার উপাধ্যায় এবং ধন্যবাদজ্ঞাপন করেন ড: প্রকাশ রঞ্জন মিশ্র।
হিন্দুস্থান সমাচার / গোবিন্দ দেবনাথ