এআই মানেই অগ্রগতিতে লাগাম নয়, বরং সমস্যার দ্রুত সমাধান: জাতিসংঘ মহাসচিব
নয়াদিল্লি, ২০ ফেব্রুয়ারি (হি.স.): প্রযুক্তির দৌড়ে গতি বাড়লেও নিয়ন্ত্রণকে অনেকেই এখনও অগ্রগতির অন্তরায় বলে ভাবেন। কিন্তু শুক্রবার দিল্লির ভারত মণ্ডপমে আয়োজিত কৃত্রিম মেধা (এআই) শীর্ষ সম্মেলনের জাতিসংঘের মহাসচিব অ্যান্টোনিও গুতেরেস একেবারে ভিন
এআই মানেই অগ্রগতিতে লাগাম নয়, বরং সমস্যার দ্রুত সমাধান: জাতিসংঘ মহাসচিব


নয়াদিল্লি, ২০ ফেব্রুয়ারি (হি.স.): প্রযুক্তির দৌড়ে গতি বাড়লেও নিয়ন্ত্রণকে অনেকেই এখনও অগ্রগতির অন্তরায় বলে ভাবেন। কিন্তু শুক্রবার দিল্লির ভারত মণ্ডপমে আয়োজিত কৃত্রিম মেধা (এআই) শীর্ষ সম্মেলনের জাতিসংঘের মহাসচিব অ্যান্টোনিও গুতেরেস একেবারে ভিন্ন কথা বললেন। তার বক্তব্য, বিজ্ঞানভিত্তিক এআই গভার্নেন্স আসলে অগ্রগতির ব্রেক নয় -এটি সমস্যার সমাধানকে দ্রুততর করার এক শক্তিশালী মাধ্যম। স্পষ্ট করে তিনি সতর্ক করেন, যদি কৃত্রিম বুদ্ধিমত্তার জন্য বিশ্বব্যাপী অভিন্ন মানদণ্ড তৈরি না হয়, তবে দেশভেদে বিচ্ছিন্ন নিয়মের এক জটিল ‘প্যাচওয়ার্ক’ তৈরি হবে। তার ফল হবে বাড়তি খরচ, দুর্বল নিরাপত্তা এবং আরও গভীর বৈষম্য।

গুতেরেসের মতে, স্পষ্ট ও বিশ্বাসযোগ্য নিয়ম ব্যবসা ও উদ্ভাবন দুটোকেই দিশা দেয়। সঠিক নিয়ন্ত্রণ নতুনত্বকে থামায় না; বরং তাকে নিরাপদ, ন্যায্য ও সকলের জন্য উপযোগী করে তোলে। তিনি মনে করিয়ে দেন, এআইয়ের প্রভাব শুধু প্রযুক্তিগত নয় -এর সঙ্গে জড়িয়ে আছে শিশুদের নিরাপত্তা, শ্রমবাজারের ভবিষ্যৎ এবং ব্যাপক হেরফের থেকে বিভ্রান্তি ছড়ানোর ঝুঁকি। এসব বিষয়ে আগাম মূল্যায়ন জরুরি, যাতে রাষ্ট্রগুলি তাদের নাগরিকদের প্রস্তুত ও সুরক্ষিত করতে পারে।

বর্তমান বৈশ্বিক বাস্তবতার কথাও উঠে আসে তার বক্তব্যে। আন্তর্জাতিক সহযোগিতা এখন চাপের মুখে, আস্থা কমছে, আর প্রযুক্তিগত প্রতিযোগিতা বাড়ছে। এই প্রেক্ষাপটে ভিন্ন ভিন্ন নীতি ও মানদণ্ড বিশ্বকে আরও বিভক্ত করবে বলেই তাঁর আশঙ্কা। উদাহরণ টেনে গুতেরেস আরও বলেন, যদি অভিন্ন আন্তর্জাতিক মানদণ্ড থাকে, তবে দিল্লির কোনও স্টার্টআপও আত্মবিশ্বাসের সঙ্গে বিশ্ববাজারে এগোতে পারবে। বিজ্ঞান পথ দেখায়, কিন্তু শেষ সিদ্ধান্ত মানুষেরই। তাই বিচার, স্বাস্থ্য বা ঋণের মতো উচ্চ ঝুঁকির ক্ষেত্রে অর্থবহ মানবিক নজরদারি অপরিহার্য।

শেষে তাঁর সংক্ষিপ্ত কিন্তু তাৎপর্যপূর্ণ আহ্বান। কম আতঙ্ক, কম প্রচার, আর বেশি তথ্য ও প্রমাণ। বিজ্ঞানকে সঙ্গে নিয়ে এআই-কে অনিশ্চয়তার উৎস নয়, বরং টেকসই উন্নয়নের এক নির্ভরযোগ্য ইঞ্জিনে রূপান্তর করাই এখন সময়ের দাবি।

---------------

হিন্দুস্থান সমাচার / সৌমি বৈদ্য




 

 rajesh pande