
হাফলং (অসম), ২০ ফেব্রুয়ারি (হি.স.) : তদানীন্তন উত্তর কাছাড় পার্বত্য জেলা তথা বর্তমান ডিমা হাসাও জেলাকে দুভাগ করে দুটি পৃথক জেলা গঠনের দাবিতে গত ১৩ ফেব্রুয়ারি এবং ১৮ ফেব্রুয়ারি ইন্ডিজেনাস পিপলস ফোরামের নেতৃবৃন্দের দিশপুরে জনতা ভবনে রাজ্যের মুখ্যমন্ত্রী ড. হিমন্তবিশ্ব শর্মা এবং রাজ্যের মন্ত্রী পীযূষ হাজরিকার সঙ্গে অনুষ্ঠিত বৈঠকের তীব্র বিরোধিতা করেছে বিলুপ্ত দুই জঙ্গি সংগঠন ডিএইচডি এবং ডিএইচডি (জে)-র যৌথ সংগঠন ডিমা জালাই হসম।
আজ শুক্রবার এক সাংবাদিক সম্মেলন করে সংগঠনের সভাপতি থাইসোডাও থাওসেন এবং সাধারণ সম্পাদক প্রবীণ হাগজার স্পষ্ট ঘোষণা করেছেন, সাম্প্রদায়িক ভিত্তিতে ডিমা হাসাও জেলার বিভাজন কোনও অবস্থায় মেনে নেবে না ডিমা জালাই হসম। সাংবাদিক সম্মেলনে প্রবীণ হাগজার বলেন, সামনেই বিধানসভা নির্বাচন। এই অবস্থায় সংখ্যালঘু সম্প্রদায়ের ভোটের লক্ষ্যে সরকার ইন্ডিজেনাস পিপলস ফোরামের পৃথক জেলা গঠনের দাবিকে গুরুত্ব দিচ্ছে। যার ফলে পাহাড়ি জেলার বিভিন্ন জনগোষ্ঠীভুক্ত মানুষের মধ্যে নেতিবাচক প্রভাব পড়বে।
তিনি বলেন, সরকারের সঙ্গে ডিএইচডি-র উভয় গোষ্ঠীর স্বক্ষরিত সমঝোতা পত্র (মস) চুক্তির ২, ৩ ধারায় তিনটি প্রশাসনিক ইউনিট গঠন করার কথা উল্লেখ রয়েছে। এমতাবস্থায় সাম্প্রদায়িক ভিত্তিতে ডিমা হাসাও জেলাকে বিভাজন করতে ইন্ডিজেনাস পিপলস ফোরামের দাবির তীব্র বিরোধিতা করে ডিমা জালাই হসম ডিএইচডির সঙ্গে স্বক্ষরিত মস চুক্তির ২, ৩ ধারার অধীনে তিনটি প্রশাসনিক ইউনিট গঠনের বিষয়টির সফল রূপায়ণের দাবি জানিয়েছেন থাইসোডাও থাওসেন এবং প্রবীণ হাগজার।
হিন্দুস্থান সমাচার / বিশাখা দেব