
ভালসাদ, ২০ ফেব্রুয়ারি (হি.স.) : গুজরাটে ট্রাক ও গাড়ির সংঘর্ষে একই পরিবারের সাতজনের মৃত্যু। ঘটনাটি ঘটেছে , শুক্রবার গুজরাটের ভালসাদ জেলার কাপরাদা তহসিলের কুম্ভঘাটে এলাকায়। দ্রুতগতির একটি ট্রাক ও ইকো গাড়ির মুখোমুখি সংঘর্ষে সাতজনের মৃত্যু হয়েছে। দুর্ঘটনায় আরও দুইজন গুরুতর আহত হয়েছেন।
পুলিশ সূত্রে জানা গেছে, মৃত ও আহত সকলেই কাপরাদার আম্বা জঙ্গল গ্রামের বাসিন্দা এবং একই পরিবারের সদস্য। তাঁরা কাপরাদা থেকে নানাপোন্ধার দিকে যাচ্ছিলেন। কুম্ভঘাটের কাছে ট্রাকটির সঙ্গে ইকো গাড়ির সংঘর্ষ হয়। ধাক্কার তীব্রতায় ইকো গাড়িটির পিছনের অংশ সম্পূর্ণ দুমড়ে-মুচড়ে যায় এবং ভেতরে থাকা যাত্রীরা আটকে পড়েন। দুর্ঘটনার শব্দে স্থানীয় বাসিন্দারা ঘটনাস্থলে ছুটে এসে উদ্ধারকাজ শুরু করেন এবং আহতদের গাড়ি থেকে বের করে হাসপাতালে পাঠানো হয়। মৃতদের মধ্যে পাঁচজন পুরুষ, একজন মহিলা ও একটি শিশুকন্যা রয়েছে। আহতদের আশঙ্কাজনক অবস্থায় হাসপাতালে ভর্তি করা হয়েছে। একই পরিবারের সাতজনের মৃত্যুর খবরে গোটা এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। নিহতদের নাম ও বিস্তারিত পরিচয় এখনও জানা যায়নি। পুলিশ ঘটনাস্থলে পৌঁছে তদন্ত শুরু করেছে। দুর্ঘটনার কারণ খতিয়ে দেখা হচ্ছে।
---------------
হিন্দুস্থান সমাচার / সৌমি বৈদ্য