
কলকাতা, ২০ ফেব্রুয়ারি (হি. স.): শিলংয়ের সাংসদ রিকি এজে সিংকনের (৫৪) অকাল প্রয়াণে গভীর শোক প্রকাশ করেছেন তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক তথা সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়। সিংকনকে জনকল্যাণে উৎসর্গীকৃত এবং প্রতিশ্রুতিবদ্ধ এক জনপ্রতিনিধি হিসেবে অভিহিত করেছেন তিনি।
বৃহস্পতিবার সন্ধ্যায় শিলংয়ের উপকণ্ঠে ফুটবল খেলার সময় হঠাৎই অসুস্থ হয়ে মাঠে লুটিয়ে পড়েন সিংকন। তাঁকে তৎক্ষণাৎ একটি বেসরকারি হাসপাতালে নিয়ে যাওয়া হলে রাত প্রায় ৮টা ৪৫ মিনিট নাগাদ চিকিৎসকরা তাঁকে মৃত ঘোষণা করেন।
শুক্রবার সামাজিক যোগাযোগ মাধ্যম 'এক্স'-এ দেওয়া এক বার্তায় অভিষেক বন্দ্যোপাধ্যায় বলেন, শিলংয়ের সাংসদ এবং নিবেদিতপ্রাণ জনপ্রতিনিধি রিকি এজে সিংকনের মৃত্যুতে তিনি গভীরভাবে মর্মাহত। সিংকন তাঁর নির্বাচনী এলাকার মানুষের আশা-আকাঙ্ক্ষাকে অত্যন্ত সততা, দৃঢ় বিশ্বাস এবং দায়িত্ববোধের সঙ্গে তুলে ধরতেন। তৃণমূল সাংসদ অভিষেক আরও জানান, সিংকন তাঁর সহজ জীবনযাপন, সাধারণ মানুষের কাছে সহজলভ্যতা এবং আঞ্চলিক পরিচয় ও উন্নয়নের প্রতি দায়বদ্ধতার জন্য পরিচিত ছিলেন। তাঁর এই আকস্মিক প্রয়াণ মেঘালয়ের মানুষ তথা দেশের গণতান্ত্রিক সমাজের জন্য এক অপূরণীয় ক্ষতি। শোকসন্তপ্ত পরিবার, সহকর্মী এবং অনুগামীদের প্রতিও আন্তরিক সমবেদনা জানিয়েছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়।
হিন্দুস্থান সমাচার / সোনালি