
বারুইপুর, ২০ ফেব্রুয়ারি (হি.স.) : একের পর এক সিপিএম দল ছাড়ার হিড়িক শুরু হয়েছে বিধানসভা ভোটের মুখে। সম্প্রতি ডায়মন্ড হারবারে সিপিএমের অন্যতম মুখ তথা রাজ্য কমিটির সদস্য প্রতীক উর রহমান সিপিএম দল থেকে ইস্তাফা দিয়েছেন। এবার বারুইপুর পূর্ব বিধানসভা এলাকায় দুই পঞ্চায়েত সদস্য তৃণমূলে যোগ দিলেন। তাঁদের মধ্যে একজন চম্পাহাটি পঞ্চায়েতের উপপ্রধান। রাজ্যের মন্ত্রী দিলীপ মণ্ডল তাঁদের হাতে এদিন দলীয় পতাকা তুলে দেন। উপস্থিত ছিলেন যাদবপুর লোকসভা কেন্দ্রের সাংসদ সায়নী ঘোষ ও বারুইপুর পূর্বের বিধায়ক বিভাস সর্দার। তৃণমূলে যোগ দিয়ে নবাগতরা জানান, মমতা বন্দ্যোপাধ্যায়-এর নেতৃত্বে উন্নয়ন যজ্ঞে সামিল হতেই তাঁদের এই সিদ্ধান্ত।
এদিন বৈঠকে দিলীপ মণ্ডল জানান, বুথ, পাড়া, অঞ্চল ও জেলা পরিষদ স্তরে কমিটি আরও শক্তিশালী করা হবে এবং মানুষের সঙ্গে যোগাযোগ বাড়ানো হবে। সাংসদ সায়নী ঘোষ এসআইআর ইস্যুতে নির্বাচন কমিশনের ভূমিকা নিয়ে প্রশ্ন তোলেন এবং দাবি করেন, যেদিনই নির্বাচন ঘোষণা হোক না কেন, তৃণমূল কংগ্রেস প্রস্তুত। বারুইপুর ফুলতলায় আয়োজিত এই বৈঠকে অঞ্চল নেতৃত্বের সঙ্গে আলোচনা করে ভোটের আগে সাংগঠনিক রূপরেখা স্পষ্ট করা হয় দলীয় কর্মীদের মধ্যে।
---------------
হিন্দুস্থান সমাচার / পার্সতি সাহা