
হাওড়া, ২০ ফেব্রুয়ারি (হি. স.) : হাওড়ার অঙ্কুরহাটি এলাকায় মর্মান্তিক পথ দুর্ঘটনায় এক নাবালকের মৃত্যু হয়েছে এবং গুরুতর জখম হয়েছে আর এক কিশোর। শুক্রবার বিকেলে ঘটনাটি ঘটে। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, দুই নাবালক একটি বাইকে করে যাচ্ছিল। সেই সময় একটি দ্রুতগামী বড় গাড়ি তাদের ধাক্কা মেরে পালিয়ে যায়। ধাক্কার জোরে দু’জনই বাইক থেকে ছিটকে রাস্তার উপর পড়ে যায়।ঘটনাস্থলেই সারওয়ার নস্কর (১৩) নামে এক কিশোরের মৃত্যু হয়। সে নবম শ্রেণির ছাত্র এবং ডোমজুড় থানার কোরলা এলাকার বাসিন্দা। গুরুতর জখম সেখ এমডি কায়েব (১৫), দশম শ্রেণির ছাত্র, তাকে আশঙ্কাজনক অবস্থায় হাওড়া জেলা হাসপাতালে ভর্তি করা হয়েছে। তার বাড়ি পাঁচলার হাকোলায়। পরিবার সূত্রে জানা গিয়েছে, সম্পর্কে তারা মামা-ভাগ্নে।স্থানীয় বাসিন্দাদের অভিযোগ, অঙ্কুরহাটি এলাকায় প্রায়ই দুর্ঘটনা ঘটছে। বৃহস্পতিবার রাতেও একই স্থানে দুর্ঘটনার খবর রয়েছে। বারবার দুর্ঘটনা সত্ত্বেও প্রশাসনের পক্ষ থেকে পর্যাপ্ত নজরদারি বা ট্রাফিক নিয়ন্ত্রণের ব্যবস্থা নেওয়া হয়নি বলে অভিযোগ। পুলিশের নজরদারির অভাবেই একের পর এক প্রাণ হারানোর ঘটনা ঘটছে বলে ক্ষোভ প্রকাশ করেছেন এলাকাবাসী।
হিন্দুস্থান সমাচার / এ. গঙ্গোপাধ্যায়