
কলকাতা, ২০ ফেব্রুয়ারি (হি. স.):- আইসিসি নির্বাচনকে কেন্দ্র করে ফের উত্তপ্ত হয়ে উঠল যাদবপুর বিশ্ববিদ্যালয় চত্বর। শুক্রবার বিকেলে দুই ছাত্র সংগঠনের মধ্যে বেধড়ক সংঘর্ষে জখম হন দুই অধ্যাপক—রাজ্যেশ্বর সিংহ ও ললিত মাধব। সংঘর্ষ থামাতে গিয়ে তাঁরা আক্রান্ত হন বলে জানা গেছে। আহত অবস্থায় দু’জনকে নিকটবর্তী হাসপাতালে নিয়ে যাওয়া হয়। প্রাথমিক চিকিৎসার পর ললিত মাধবকে ছেড়ে দেওয়া হলেও রাজ্যেশ্বর সিংহের চোখে ও নাকে গুরুতর আঘাত লাগে; চশমার কাচ ভেঙে গিয়ে রক্তপাত হওয়ায় তাঁকে পর্যবেক্ষণে রাখা হয়েছে।ঘটনায় মোট ছয়জন পড়ুয়াও জখম হয়েছেন। অভিযোগ, আইসিসি নির্বাচন ঘিরে গত কয়েক দিন ধরে ‘উই দ্য ইন্ডিপেন্ডেন্ট’ ও এসএফআইয়ের মধ্যে মতবিরোধ চলছিল। আন্তর্জাতিক ভাষা দিবসের প্রস্তুতি সভার পর সায়েন্স-আর্টস মোড়ে দুই পক্ষের বাগ্বিতণ্ডা হাতাহাতিতে রূপ নেয়। পরিস্থিতি সামাল দিতে গেলে দুই অধ্যাপক আক্রান্ত হন।উপাচার্য চিরঞ্জীব ভট্টাচার্য ঘটনাকে দুর্ভাগ্যজনক বলে মন্তব্য করে জানান, সব পক্ষকে নিয়ে আলোচনায় বসে সমাধানের চেষ্টা করা হবে। তবে এখনও পর্যন্ত বিশ্ববিদ্যালয়ের তরফে পুলিশে কোনও লিখিত অভিযোগ দায়ের করা হয়নি। ঘটনায় ছাত্র-শিক্ষক সম্পর্ক নিয়ে উদ্বেগ তৈরি হয়েছে।
হিন্দুস্থান সমাচার / এ. গঙ্গোপাধ্যায়