
নয়াদিল্লি, ২০ ফেব্রুয়ারি (হি.স.): ভারত এ বার আনুষ্ঠানিক ভাবে জুড়ে গেল আমেরিকা নেতৃত্বাধীন এক জোটে। সেই জোটের পোশাকি নাম ‘প্যাক্স সিলিকা’। জানুয়ারি মাসেই মার্কিন রাষ্ট্রদূত সার্জিও গোর জানিয়েছিলেন, ওই জোটের সঙ্গী হওয়ার জন্য ভারতকে প্রস্তাব পাঠানো হবে। সেই প্রস্তাব চলেও আসে ভারতের কাছে। শুক্রবার কৃত্রিম বুদ্ধিমত্তা বিষয়ক সম্মেলন (এআই ইমপ্যাক্ট সামিট ২০২৬)-এ ‘প্যাক্স সিলিকা’ ঘোষণাপত্রে সই করল ভারত।
উল্লেখ্য, সিলিকন, সেমিকন্ডাক্টর এবং কৃত্রিম মেধা প্রযুক্তিতে একটি দেশের উপর নির্ভরতা কমাতে ‘প্যাক্স সিলিকা’ জোট তৈরি করেছে ওয়াশিংটন। মূলত চিনা নিয়ন্ত্রণ কমাতেই এই জোট। আমেরিকা ছাড়াও এই জোটে রয়েছে জাপান, দক্ষিণ কোরিয়া, ব্রিটেন, সিঙ্গাপুর, নেদারল্যান্ডস, ইজরায়েল, সংযুক্ত আরব আমিরশাহি এবং অস্ট্রেলিয়া। মূলত বিরল খনিজ এবং এআই-এর সরবরাহ শৃঙ্খলকে প্রসারিত করতেই এই উদ্যোগ। প্রযুক্তিও এখন বিশ্বের নিয়ন্ত্রক। বিশ্বজুড়ে তার ভারসাম্য রক্ষা করতে 'প্যাক্স সিলিকা' জোট গড়া হয়েছে বলে দাবি আমেরিকার। বাণিজ্য চুক্তি নিয়ে টানাপোড়েন মিটতেই ভারতকে এই জোটের অংশ করল ওয়াশিংটন।
হিন্দুস্থান সমাচার / সৌম্যজিৎ