
কলকাতা, ২০ ফেব্রুয়ারি (হি. স. ) : “সিপিএমের এক উগ্র চাকরিখেকো আইনজীবীর বিরুদ্ধে পার্টির রাজ্য সম্পাদকের কাছে বিস্ফোরক অভিযোগ করেছেন তাঁরই সঙ্গে কর্মরত এক সিপিএমপন্থী মহিলা আইনজীবী।” শুক্রবার এই অভিযোগ করলেন তৃণমূল নেতা তথা দলের অন্যতম মুখপাত্র কুণাল ঘোষ।
কুণাল লিখেছেন, “কীভাবে নেতাদের নাম জড়িয়ে এবং মিডিয়ার প্রচার ব্যবহার করে অসুরটাইপ অভিযুক্ত নানা অপকর্ম করছে, তার সবিস্তার বর্ণনা আছে চিঠিতে। মহিলা যেহেতু পার্টি করেন, পুলিশে যাওয়ার আগে পার্টির কাছেই বিচার চেয়েছেন। চার নেতার কাছে চিঠির কপি আছে। আপাতত একটির কপি আমার হাতে।
চিঠিটি পোস্ট করার সময় এখনও আসেনি। সিপিএম কি অভিযোগ খতিয়ে দেখবে? মহিলা তাঁর নিরাপত্তা নিয়ে চিন্তিত। তাঁকে চুপ করানোর চেষ্টা হচ্ছে। চিঠির সত্যতা যাচাই করা সম্ভব হয়নি। তবে সিপিএম সূত্রেই পাওয়া। মামলা করে চাকরিতে জটিলতা তৈরির রাজনীতি, মিডিয়া-সোশ্যাল মিডিয়ায় ডায়লগবাজিতে অভ্যস্ত ওই সিপিএম আইনজীবীকে বাঁচাতে এবার নামবে আলিমুদ্দিনের 'পেয়ারেলালরা'?”
---------------
হিন্দুস্থান সমাচার / মৌসুমী সেনগুপ্ত