প্রেমের ফাঁদে ফেলে বৃহন্নলার ১৫ লক্ষ টাকা আত্মসাৎ, দুর্গাপুরে গ্রেফতার যুবক
দুর্গাপুর, ২০ ফেব্রুয়ারি (হি.স.): ফেসবুকে পরিচয়ের সূত্র ধরে প্রেমের সম্পর্ক গড়ে তুলে এক বৃহন্নলার কাছ থেকে ধাপে ধাপে প্রায় ১৫ লক্ষ টাকা আত্মসাতের অভিযোগে গ্রেফতার হল এক যুবক। লিখিত অভিযোগের ভিত্তিতে দুর্গাপুরের কোকওভেন থানার পুলিশ অভিযুক্তকে গ্রেফত
প্রেমের ফাঁদে ফেলে বৃহন্নলার ১৫ লক্ষ টাকা আত্মসাৎ, দুর্গাপুরে গ্রেফতার যুবক


দুর্গাপুর, ২০ ফেব্রুয়ারি (হি.স.): ফেসবুকে পরিচয়ের সূত্র ধরে প্রেমের সম্পর্ক গড়ে তুলে এক বৃহন্নলার কাছ থেকে ধাপে ধাপে প্রায় ১৫ লক্ষ টাকা আত্মসাতের অভিযোগে গ্রেফতার হল এক যুবক। লিখিত অভিযোগের ভিত্তিতে দুর্গাপুরের কোকওভেন থানার পুলিশ অভিযুক্তকে গ্রেফতার করেছে। ধৃতের নাম রজত দাস। তিনি দুর্গাপুরের শ্যামপুর এলাকার বাসিন্দা। শুক্রবার তাকে দুর্গাপুর মহকুমা আদালতে তোলা হলে বিচারক তার জামিনের আবেদন খারিজ করে চার দিনের পুলিশ হেফাজতের নির্দেশ দেন।পুলিশ সূত্রে জানা গিয়েছে, প্রতারিত ওই বৃহন্নলার বাড়ি হাওড়ায়। অভিযোগে তিনি জানিয়েছেন, ২০১৭ সালে ফেসবুকে অভিযুক্ত রজত দাসের সঙ্গে তাঁর পরিচয় হয়। এরপর মোবাইল নম্বর বিনিময়ের মাধ্যমে কথাবার্তা শুরু হয় এবং ধীরে ধীরে প্রেমের সম্পর্ক গড়ে ওঠে। সম্পর্কের কয়েক বছর পর ব্যবসার নাম করে অভিযুক্ত ধাপে ধাপে টাকা ধার নিতে শুরু করে। অভিযোগ অনুযায়ী, ২০২২ সাল পর্যন্ত প্রায় ১৫ লক্ষ টাকা নেওয়া হয়।প্রতারিত বৃহন্নলার অভিযোগ, টাকা ফেরত দিতে না পারলে অভিযুক্ত নিজের বাড়ি রেজিস্ট্রি করে দেওয়ার আশ্বাস দিয়েছিল। পরে কিছু নথি দেওয়া হলেও যাচাই করে দেখা যায়, সেগুলি জাল। এরপর থেকেই অভিযুক্ত ফোন ধরত না এবং বাড়িতেও পাওয়া যেত না। দীর্ঘদিন এড়িয়ে যাওয়ার পর উপায় না দেখে তিনি আইনের দ্বারস্থ হন।শেষ পর্যন্ত দুর্গাপুরের কোকওভেন থানায় লিখিত অভিযোগ দায়ের করা হলে পুলিশ তদন্ত শুরু করে এবং অভিযুক্ত রজত দাসকে গ্রেফতার করে। পুলিশ জানিয়েছে, ঘটনার তদন্ত চলছে এবং প্রতারণার সঙ্গে আরও কেউ যুক্ত রয়েছে কি না, তা খতিয়ে দেখা হচ্ছে।

---------------

হিন্দুস্থান সমাচার / জয়দেব লাহা




 

 rajesh pande