
ভোপাল, ২০ ফেব্রুয়ারি (হি.স.): মধ্যপ্রদেশে ফের আবহাওয়ার পরিবর্তন দেখা দিয়েছে। রাজ্যের প্রায় অর্ধেক অংশে ঝড় ও বৃষ্টি হয়েছে, পাশাপাশি উজ্জয়িনী ও মন্দসৌর-সহ একাধিক জেলায় শিলাবৃষ্টির খবর মিলেছে। আবহাওয়া দফতর জানিয়েছে, শুক্রবার থেকে আগামী তিন দিন কোনও সতর্কতা না থাকলেও ২৩ ও ২৪ ফেব্রুয়ারির জন্য আবার বৃষ্টির পূর্বাভাস জারি করা হয়েছে।
আবহাওয়া দফতরের মতে, ঘূর্ণাবর্ত ও পশ্চিমী ঝঞ্ঝার প্রভাবে আগামী সপ্তাহে বুধবার ও বৃহস্পতিবার রাজ্যের বিভিন্ন এলাকায় বৃষ্টি ও শিলাবৃষ্টির সতর্কতা জারি করা হয়েছে।
উত্তরের ঠান্ডা হাওয়ার কারণে দিনের তাপমাত্রা কমেছে, ফলে দিনের শুরুতে শীতের অনুভূতি বাড়ছে। বিগত দু’দিনে মধ্যপ্রদেশে রাজ্যের বহু জেলায় ঝড়-বৃষ্টি ও শিলাবৃষ্টিতে ফসলের ক্ষতি হয়েছে। উজ্জয়িনী জেলার ঘাটিয়া, মাহিদপুর এবং উনহেল সহ বেশ কয়েকটি গ্রামীণ এলাকায় ফসলের ব্যাপক ক্ষতি হয়েছে।
প্রশাসন ক্ষয়ক্ষতির সমীক্ষা শুরু করেছে। বিগত ২৪ ঘণ্টায় ২৫টি জেলার প্রায় ৮০টি শহর ও এলাকায় বৃষ্টি রেকর্ড হয়েছে।
বৃষ্টির প্রভাবে দিনের তাপমাত্রা কমলেও রাতের তাপমাত্রা তুলনামূলক বেশি রয়েছে। ভোপাল, ইন্দোর, গোয়ালিয়র, উজ্জয়িনী এবং জবলপুরে রাতের তাপমাত্রা ১৩ ডিগ্রি সেলসিয়াসের উপরে ছিল। আগামী ২১ ও ২২ ফেব্রুয়ারি আবহাওয়া মূলত পরিষ্কার থাকবে বলে পূর্বাভাস।
---------------
হিন্দুস্থান সমাচার / সৌমি বৈদ্য