
গান্ধীনগর, ২০ ফেব্রুয়ারি (হি. স.): ভারতীয় জনতা পার্টির (বিজেপি) জাতীয় সভাপতি নিতিন নবীন তাঁর তিন দিনের গুজরাট সফরে শুক্রবার আহমেদাবাদে পৌঁছলেন। সর্দার বল্লভভাই প্যাটেল বিমানবন্দরে তাঁকে স্বাগত জানান গুজরাটের মুখ্যমন্ত্রী ভূপেন্দ্র প্যাটেল, প্রদেশ সভাপতি জগদীশ বিশ্বকর্মা, স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী হর্ষ সাংভি সহ বিজেপির অন্যান্য নেতা ও কর্মীবৃন্দ।
বিমানবন্দরে সংবর্ধনা অনুষ্ঠানে বিজেপি সভাপতি নিতিন নবীন বলেন, একবিংশ শতাব্দীতে ভারত উন্নয়ন ও ঐতিহ্যের মেলবন্ধন ঘটিয়ে এগিয়ে চলেছে, যার সম্পূর্ণ কৃতিত্ব প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর। তিনি আরও জানান, কর্মীদের কঠোর পরিশ্রমে গুজরাট আজ বিকশিত গুজরাট-এর লক্ষ্যে দ্রুত এগিয়ে যাচ্ছে এবং শুধুমাত্র দেশকে নয়, বিশ্বকেও পথ দেখাচ্ছে।
মুখ্যমন্ত্রী ভূপেন্দ্র প্যাটেল তাঁর ভাষণে বলেন, বিজেপি একমাত্র দল যেখানে বুথ স্তরের একজন সাধারণ কর্মীও নিজের যোগ্যতায় জাতীয় সভাপতি হতে পারেন। বিজেপিকে পার্টি উইথ ডিফারেন্স উল্লেখ করে তিনি সরকার ও সংগঠনের সুদৃঢ় সমন্বয়ের প্রশংসা করেন। অন্যদিকে, প্রদেশ সভাপতি জগদীশ বিশ্বকর্মা বলেন যে, সংগঠনই হল বিজেপির আত্মা এবং কর্মীরাই তার আসল শক্তি। নিতিন নবীনের এই সফর কর্মীদের জন্য অত্যন্ত অনুপ্রেরণাদায়ক হবে বলে তিনি আশা প্রকাশ করেন। এই স্বাগত অনুষ্ঠানে বিপুল সংখ্যক বিজেপি কর্মী উপস্থিত ছিলেন।
হিন্দুস্থান সমাচার / সোনালি