
ঝাড়গ্রাম, ২০ ফেব্রুয়ারি (হি. স.): আসন্ন বিধানসভা নির্বাচনকে সামনে রেখে শুক্রবার ঝাড়গ্রাম জেলা বিজেপির দলীয় কার্যালয়ে শাসক দলের বিরুদ্ধে একাধিক দুর্নীতির অভিযোগ তুলে চার্জশিট প্রকাশ করল জেলা বিজেপি নেতৃত্ব। দলীয় সূত্রে জানা গেছে, ঝাড়গ্রাম লোকসভা কেন্দ্রের অন্তর্গত সাতটি বিধানসভা এলাকায় বিভিন্ন অনিয়ম, আর্থিক দুর্নীতি ও প্রশাসনিক স্বজনপোষণের অভিযোগকে সামনে রেখেই এই চার্জশিট প্রস্তুত করা হয়েছে।বিজেপি নেতৃত্বের দাবি, সাধারণ মানুষের স্বার্থ ক্ষুণ্ণ হয়েছে একাধিক ক্ষেত্রে এবং সরকারি প্রকল্প বাস্তবায়নে স্বচ্ছতার অভাব রয়েছে। সেই অভিযোগগুলিকেই প্রামাণ্য নথি ও তথ্যসহ সাধারণ মানুষের সামনে তুলে ধরাই ছিল এদিনের মূল উদ্দেশ্য।এই কর্মসূচিতে উপস্থিত ছিলেন উত্তর কাঁথি বিধানসভার বিজেপি বিধায়িকা সুমিতা সিনহা। এছাড়াও উপস্থিত ছিলেন ঝাড়গ্রাম জেলা বিজেপির সভাপতি তুফান মাহাতো-সহ জেলার অন্যান্য পদাধিকারী ও কর্মীরা। সভা থেকে বিজেপি নেতৃত্ব জানায়, এই চার্জশিট কেবল আনুষ্ঠানিক প্রকাশ নয়, বরং আগামী দিনে বৃহত্তর গণআন্দোলনের সূচনা।শাসক দলের বিরুদ্ধে ওঠা অভিযোগ নিয়ে রাজনৈতিক মহলে চর্চা শুরু হয়েছে। যদিও এ বিষয়ে শাসক দলের পক্ষ থেকে এখনও আনুষ্ঠানিক প্রতিক্রিয়া পাওয়া যায়নি।
হিন্দুস্থান সমাচার / এ. গঙ্গোপাধ্যায়