

মাঙ্গান, ২০ ফেব্রুয়ারি (হি.স.): উত্তর সিকিমের মাঙ্গান জেলার মাঙ্গান, ঝুসিং এবং নামোক এলাকায় অগ্নিকাণ্ডের পরিস্থিতির উপর জেলা প্রশাসনের তরফে সার্বক্ষণিক নজরদারি চালানো হচ্ছে। বৃহস্পতিবার রাতে জেলাশাসক অনন্ত জৈনের নেতৃত্বে জেলা প্রশাসন, ভারতীয় সেনা ও স্থানীয় প্রতিনিধিরা মিলিত ভাবে পরিস্থিতি পর্যবেক্ষণ করেন।
শুক্রবার প্রশাসন সূত্রে জানা গিয়েছে, বৃহস্পতিবার মাঙ্গান জেলার মাঙ্গান-টিবুক গ্রাম পঞ্চায়েতের অধীন লোয়ার ঝুসিং এলাকায় ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। পরে আগুন মাঙ্গান, ঝুসিং এবং নামোক এলাকায় ছড়িয়ে পড়ে। খবর পেয়ে জেলা প্রশাসন দ্রুত ব্যবস্থা নেয়। জরুরি পরিষেবা, পুলিশ, বন দফতর এবং স্বেচ্ছাসেবকদের মিলিত প্রচেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়।
জেলা প্রশাসনের পক্ষ থেকে আরও জানানো হয়েছে, আগুনের বিস্তার রোধ করে সাধারণ মানুষের নিরাপত্তা নিশ্চিত করা হয়েছে। সম্ভাব্য যেকোনও জরুরি পরিস্থিতি মোকাবিলায় এবং দুর্যোগ ব্যবস্থাপনা সংক্রান্ত প্রস্তুতি জোরদার করতে প্রয়োজনীয় পরিকল্পনাও গ্রহণ করা হয়েছে।
এদিকে সংশ্লিষ্ট এলাকার বিধায়ক ও মন্ত্রী পিঞ্চো নামগ্যাল লেপচা বৃহস্পতিবার ক্ষতিগ্রস্ত এলাকা পরিদর্শন করে পরিস্থিতির খোঁজখবর নেন। জেলা প্রশাসন জানিয়েছে, পরিস্থিতির উপর নিয়মিত নজর রাখা হচ্ছে এবং যে কোনও জরুরি অবস্থায় দ্রুত ব্যবস্থা নেওয়ার জন্য প্রয়োজনীয় সব সংস্থান প্রস্তুত রাখা হয়েছে।
আগুন লাগার নির্দিষ্ট কারণ এখনও স্পষ্ট নয়। তবে প্রশাসনিক সূত্রে ইঙ্গিত, দীর্ঘদিনের শুষ্ক আবহাওয়া, বৃষ্টির ঘাটতি ও ক্রমবর্ধমান তাপমাত্রার কারণে আগুন দ্রুত ছড়িয়ে পড়তে পারে।
---------------
হিন্দুস্থান সমাচার / সৌমি বৈদ্য