
যমুনানগর, ২০ ফেব্রুয়ারি (হি.স.) : হরিয়ানার যমুনানগরের বৃহস্পতিবার হঠাৎ নিখোঁজ হয়ে যায় দুই নাবালক| বেশ কয়েক ঘণ্টা কাটে উৎকণ্ঠায়| শেষমেশ গভীর রাতে খোঁজ মেলে তাদের| পরিবারের অভিযোগ, অপহরণ করে তাদের নিয়ে যাওয়ার চেষ্টা করা হয়েছিল। শুক্রবার পরিবার সূত্রে আরও জানা গেছে, তাঁরা আদতে উত্তর প্রদেশের বাসিন্দা| এখানে ওই পরিবারটি ভাড়াবাড়িতে বসবাস করেন। দুপুরে বাড়ির বাইরে খেলছিল ১২ বছরের দীপক ও ৯ বছরের দীপাংশু। সেই সময় তাদের মা বাড়ির বাইরে ছিলেন। ফিরে এসে তাদের দুজনকে দেখতে না পেয়ে উদ্বেগ ছড়িয়ে পড়ে। আশপাশে খোঁজাখুঁজি শুরু হলেও সন্ধ্যা পর্যন্ত কোনও খোঁজ মেলেনি।
শুক্রবার ওই দুই নাবালকের বয়ান অনুযায়ী, তারা বাড়ির কাছে খেলছিল| সেই সময় এক অজ্ঞাতপরিচয় মহিলা তাদের কাছে এসে দীপাংশুকে সঙ্গে নিয়ে যাওয়ার চেষ্টা করে। অভিযোগ, তার মুখে রুমাল চাপারও চেষ্টা করা হয়। বড় ভাই দীপক বাধা দিলে পরিস্থিতি জটিল হয়ে ওঠে। শেষ পর্যন্ত দুই ভাই সেখান থেকে পালিয়ে যেতে সক্ষম হয়। ভয়ে ও বিভ্রান্তিতে তারা পথ হারিয়ে ফেলে এবং দীর্ঘক্ষণ বিভিন্ন গলিপথে ঘুরতে থাকে। গভীর রাতে ঘাডি রোড এলাকায় পৌঁছে তারা স্থানীয় মানুষের সহায়তায় বাড়ি ফেরে। এ সময় দীপাংশুর শারীরিক অবস্থা কিছুটা দুর্বল হয়ে পড়ায় তাকে চিকিৎসকের কাছে নিয়ে যাওয়া হয়। প্রাথমিক চিকিৎসার পর চিকিৎসকরা জানিয়েছেন, দুজনেই বর্তমানে স্থিতিশীল ও বিপন্মুক্ত। পুলিশ তদন্ত শুরু করেছে। শুক্রবার পুলিশ সূত্রে জানানো হয়েছে, বিষয়টি গুরুত্ব সহকারে খতিয়ে দেখা হচ্ছে।
---------------
হিন্দুস্থান সমাচার / সৌমি বৈদ্য