
কোরবা, ২০ ফেব্রুয়ারি (হি.স.) : শুক্রবার সকালে মর্মান্তিক দুর্ঘটনার সাক্ষী থাকলো ছত্তিশগড়ের কোরবা।সীতামারহি শিব মন্দির গলিতে একটি বাড়ির উঠোনে রান্না হচ্ছিল। কাছেই খেলছিল পরিবারের সবচেয়ে ছোট সদস্য দু’বছরের এক শিশু। রান্নার সময় অল্পক্ষণের জন্য শিশুটিকে উঠোনে রেখে ঘরের ভেতরে যান তার মা। সেসময়ই আচমকা রান্নার পাত্রে ধাক্কা লেগে ফুটন্ত ডাল শিশুটির শরীরের ওপর পড়ে যায়। মুহূর্তের মধ্যেই শিশুটি গুরুতরভাবে ঝলসে যায়। কান্নার শব্দ শুনে পরিবারের সদস্যরা ছুটে এসে শিশুটিকে উদ্ধার করে দ্রুত হাসপাতালে নিয়ে যান। প্রথমে বেসরকারি হাসপাতালে প্রাথমিক চিকিৎসা দেওয়া হলেও শারীরিক অবস্থার অবনতি হওয়ায় তাকে মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়। তবে শেষ পর্যন্ত শিশুটিকে বাঁচানো যায়নি।
ঘটনার খবর পেয়ে পুলিশ এসে শিশুর পরিবারের সদস্যদের সঙ্গে কথা বলে ঘটনার বিবরণ নথিভুক্ত করেছে। প্রাথমিকভাবে এটি একটি দুর্ঘটনাজনিত মৃত্যু বলেই মনে করছে পুলিশ।
---------------
হিন্দুস্থান সমাচার / সৌমি বৈদ্য