
ভাঙড় ,২০ ফেব্রুয়ারি (হি.স.) : রাজ্য সরকারের নতুন প্রকল্প যুবসাথীর ফর্ম ফিলাপকে কেন্দ্র করে উত্তেজনা ভাঙড়ে। সরকারি আধিকারিকদের সঙ্গে বচসা, হাতাহাতি আবেদনকারী যুবকদের মধ্যে। শুক্রবার সকালে ঘটনাটি ঘটেছে ভাঙ্গড় ২ নম্বর ব্লকের ভগবানপুর অঞ্চলের পিঠাপুকুর প্রাইমারি স্কুলে।
স্থানীয় সূত্রে জানা যায়, এদিন ওই স্কুল প্রাঙ্গণে যুব সাথী ক্যাম্পের আয়োজন করা হয়। যুব সাথী ফর্ম জমা দেওয়ার জন্য সকাল থেকেই বহু যুবক যুবতী লাইনে দাঁড়িয়ে ছিলেন। অভিযোগ, নির্ধারিত সময়ে ক্যাম্প শুরু না হয়ে দীর্ঘ সময় অপেক্ষার পর প্রায় সকাল ১১টা নাগাদ দায়িত্বপ্রাপ্ত সরকারি আধিকারিকরা ক্যাম্পে পৌঁছন। আধিকারিকরা দেরিতে পৌঁছনোর পর লাইনে দাঁড়িয়ে থাকা যুবক ও স্থানীয় বাসিন্দারা ক্ষোভে ফেটে পড়েন। আধিকারিকদের ঘিরে বিক্ষোভ দেখানো হয় বলে অভিযোগ। পরিস্থিতি উত্তপ্ত হয়ে উঠলে খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় পোলেরহাট থানার পুলিশ।
পুলিশ এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার চেষ্টা করে এবং বিক্ষোভকারীদের শান্ত করে। সূত্রের খবর, পুলিশ দেরিতে পৌঁছনোর কারণ নিয়েও আধিকারিকদের ধমক দেয়। বর্তমানে পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে এবং পুরো ঘটনার তদন্ত শুরু হয়েছে বলে পুলিশ সূত্রে জানা গেছে।
---------------
হিন্দুস্থান সমাচার / পার্সতি সাহা