
শিলিগুড়ি, ২০ ফেব্রুয়ারি (হি. স.) : শিলিগুড়ি মেট্রোপলিটন পুলিশের স্পেশাল অপারেশন গ্রুপ (এসওজি) এবং ভক্তিনগর থানার যৌথ অভিযানে মাদক পাচারের এক বড়সড় ছক বানচাল করা হয়েছে। এই অভিযানে তিন অভিযুক্তকে গ্রেফতার করার পাশাপাশি তাদের কাছ থেকে ৪৫১ গ্রাম ব্রাউন সুগার, নগদ ১৯ হাজার টাকা এবং সিকিমের নম্বর প্লেটযুক্ত একটি বাইক বাজেয়াপ্ত করা হয়েছে। ধৃতদের নাম জয়হেদুল্লাহ মোমিন, ইফতারুল এবং রামকুমার মণ্ডল।
পুলিশ সূত্রে জানা গেছে, জয়হেদুল্লাহ মোমিন এবং ইফতারুল সিকিমের নম্বর দেওয়া একটি বাইকে করে ব্রাউন সুগার নিয়ে বৃহস্পতিবার রাতে ইন্দিরা গান্ধী ময়দানের কাছে পৌঁছায়। সেখানে রামকুমার মণ্ডল নামে এক ব্যক্তির হাতে ওই মাদক তুলে দেওয়ার কথা ছিল। কিন্তু ডেলিভারি দেওয়ার আগেই ওত পেতে থাকা এসওজি এবং ভক্তিনগর থানার পুলিশ সন্দেহভাজন অবস্থায় তিনজনকে ধরে ফেলে।
ধৃতদের তল্লাশি চালালে তাদের কাছে থাকা একটি ব্যাগ থেকে ৪৫১ গ্রাম ব্রাউন সুগার উদ্ধার হয়। যার বাজারমূল্য লক্ষাধিক টাকা বলে অনুমান করা হচ্ছে। পুলিশ অভিযুক্তদের বিরুদ্ধে এনডিপিএস আইনের অধীনে মামলা দায়ের করে তাদের গ্রেফতার করেছে। এই মাদক পাচার চক্রের সঙ্গে আর কেউ জড়িত কি না, তা খতিয়ে দেখতে পুলিশ ঘটনার গভীর তদন্ত শুরু করেছে।
হিন্দুস্থান সমাচার / সোনালি