
ঝাড়গ্রাম, ২০ ফেব্রুয়ারি (হি.স.): ঝাড়গ্রামে জাতীয় সড়কে ভয়াবহ পথ দুর্ঘটনায় এক লরি চালকের মৃত্যু হয়েছে। একই ঘটনায় গুরুতর জখম হয়েছেন ওই লরির খালাসি। শুক্রবার ঝাড়গ্রাম থানার অন্তর্গত ৬ নম্বর জাতীয় সড়কের চন্দি এলাকায় দুর্ঘটনাটি ঘটে।
পুলিশ সূত্রে জানা গেছে, মৃত লরি চালকের নাম খাঁদু হাঁসদা (৩৫)। তাঁর বাড়ি ঝাড়খণ্ডের চাকুলিয়া এলাকায়। শুক্রবার সকালে চন্দি এলাকায় জাতীয় সড়কের উপর একটি লরি দাঁড়িয়ে ছিল। সেই সময় ঝাড়খণ্ডের দিক থেকে দ্রুতগতিতে আসা আরেকটি লরি নিয়ন্ত্রণ হারিয়ে দাঁড়িয়ে থাকা লরিটিকে সজোরে ধাক্কা মারে।
সংঘর্ষের তীব্রতায় চলন্ত লরিটির সামনের অংশ সম্পূর্ণ দুমড়ে-মুচড়ে যায়। দুর্ঘটনার ফলে চালক ও খালাসি কেবিনের ভিতরে আটকে পড়েন। খবর পেয়ে ঝাড়গ্রাম থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছায়। দীর্ঘক্ষণ চেষ্টার পর ক্রেনের সাহায্যে দাঁড়িয়ে থাকা লরিটি সরিয়ে দু’জনকে উদ্ধার করা হয়।
এরপর আহতদের দ্রুত ঝাড়গ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হলে কর্তব্যরত চিকিৎসক লরি চালক খাঁদু হাঁসদাকে মৃত বলে ঘোষণা করেন। গুরুতর জখম খালাসিকে আশঙ্কাজনক অবস্থায় হাসপাতালে ভর্তি করা হয়েছে। দুর্ঘটনার জেরে কিছু সময়ের জন্য জাতীয় সড়কে যান চলাচল ব্যাহত হয়। পুলিশ ঘটনার কারণ তদন্ত করে দেখছে।
---------------
হিন্দুস্থান সমাচার / গোপেশ মাহাতো