সিঙ্গুরে ‘বাংলার যুবসাথী’ প্রকল্পের ক্যাম্পে উপচে পড়া ভিড়, পরিদর্শনে মন্ত্রী বেচারাম মান্না
সিঙ্গুর, ২০ ফেব্রুয়ারি (হি. স.): রাজ্য সরকারের নতুন জনমুখী উদ্যোগ ‘বাংলার যুবসাথী’ প্রকল্পের ক্যাম্পকে ঘিরে ব্যাপক উৎসাহ ও উদ্দীপনা চোখে পড়ল হুগলির সিঙ্গুরে। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের মস্তিষ্কপ্রসূত এই প্রকল্পের মাধ্যমে রাজ্যের বেকার যুব
সিঙ্গুর প্রবল উৎসাহ


সিঙ্গুর, ২০ ফেব্রুয়ারি (হি. স.): রাজ্য সরকারের নতুন জনমুখী উদ্যোগ ‘বাংলার যুবসাথী’ প্রকল্পের ক্যাম্পকে ঘিরে ব্যাপক উৎসাহ ও উদ্দীপনা চোখে পড়ল হুগলির সিঙ্গুরে। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের মস্তিষ্কপ্রসূত এই প্রকল্পের মাধ্যমে রাজ্যের বেকার যুবক-যুবতীদের মাসে ১৫০০ টাকা করে আর্থিক সহায়তা প্রদানের কথা ঘোষণা করা হয়েছে। শুক্রবার সিঙ্গুর ব্লক অফিসে আয়োজিত বিশেষ ক্যাম্পে আবেদনকারীদের ভিড় ছিল চোখে পড়ার মতো।

​এদিন সিঙ্গুর ব্লক অফিসের এই ক্যাম্পটি সরেজমিনে পরিদর্শনে আসেন রাজ্যের কৃষি বিপণন ও পঞ্চায়েত দফতরের প্রতিমন্ত্রী তথা স্থানীয় বিধায়ক বেচারাম মান্না। তিনি দীর্ঘক্ষণ ক্যাম্প প্রাঙ্গণে উপস্থিত থেকে আবেদন প্রক্রিয়ার তদারকি করেন এবং সাধারণ মানুষের সঙ্গে কথা বলেন। ‘বাংলার যুবসাথী’র পাশাপাশি ভূমিহীন খেতমজুরদের অনুদান এবং মহিলাদের জন্য অত্যন্ত জনপ্রিয় ‘লক্ষ্মীর ভাণ্ডার’ প্রকল্প নিয়েও এদিন সাধারণ মানুষের মধ্যে প্রবল আগ্রহ লক্ষ্য করা গেছে।

​পরিদর্শন শেষে মন্ত্রী বেচারাম মান্না বলেন, “মুখ্যমন্ত্রীর এই প্রকল্পগুলি ইতিমধ্যেই রাজ্যজুড়ে ব্যাপক সাড়া ফেলেছে। যোগ্য যুবসমাজ যাতে সহজে আবেদন করতে পারে এবং সরকারি সহায়তা সরাসরি তাঁদের হাতে পৌঁছায়, তা নিশ্চিত করাই আমাদের প্রধান লক্ষ্য।” সাধারণ মানুষের এই স্বতঃস্ফূর্ত অংশগ্রহণই প্রমাণ করে যে রাজ্য সরকারের সামাজিক সুরক্ষা প্রকল্পগুলি কতটা কার্যকর হয়েছে বলে তিনি দাবি করেন। ব্লক প্রশাসন সূত্রে জানা গিয়েছে, আবেদনকারীদের ভিড় সামলাতে এবং প্রক্রিয়াটি দ্রুত সম্পন্ন করতে ক্যাম্পে অতিরিক্ত কর্মী মোতায়েন করা হয়েছে।

হিন্দুস্থান সমাচার / শুভদ্যুতি দত্ত




 

 rajesh pande