
বিশালগড় (ত্রিপুরা), ২০ ফেব্রুয়ারি (হি.স.) : মধুপুর থানার নবনিযুক্ত ওসি উজ্জল চৌধুরীর কাছে আইন-শৃঙ্খলা পরিস্থিতির অবনতির অভিযোগ জানিয়ে ডেপুটেশন দিল মধুপুর, কমলাসাগর ও গকুলনগর অঞ্চল কমিটির বামপন্থী যুব সংগঠন। শুক্রবার তিনটি অঞ্চলের যৌথ উদ্যোগে থানায় গিয়ে প্রতিনিধিরা স্মারকলিপি প্রদান করেন।
ডেপুটেশনে উপস্থিত ছিলেন ভারতের গণতান্ত্রিক যুব ফেডারেশনের বিভাগীয় কমিটির সদস্য হিরণ্ময় নারায়ণ দেবনাথ, বিশালগড় সম্পাদকমণ্ডলীর সদস্য রাজেশ দত্ত ও গোপাল দেব, কমলাসাগর অঞ্চল সম্পাদক উত্তম দত্ত, মধুপুর অঞ্চল সম্পাদক কৃষ্ণ শর্মা সহ অন্যান্য কর্মী-সমর্থকরা।
স্মারকলিপিতে অভিযোগ করা হয়, এলাকায় নেশা ও জুয়ার কারবার বেড়ে যাওয়ায় যুবসমাজ বিপথগামী হচ্ছে এবং গার্হস্থ্য হিংসাসহ বিভিন্ন অপরাধমূলক ঘটনাও বৃদ্ধি পাচ্ছে। এসবের বিরুদ্ধে কঠোর পদক্ষেপ গ্রহণের দাবি জানানো হয়। পাশাপাশি রাজনৈতিক সন্ত্রাস রোধে পুলিশ প্রশাসনের নিরপেক্ষ ভূমিকা নিশ্চিত করার আবেদনও জানানো হয়।
ছাত্রী, যুবতী ও মহিলাদের নিরাপত্তা জোরদার, পরীক্ষার প্রাক্কালে গভীর রাত পর্যন্ত উচ্চস্বরে মাইক-ডিজে, মেলা ও জলসা নিয়ন্ত্রণে প্রশাসনিক উদ্যোগ গ্রহণের দাবিও তোলা হয়েছে। উল্লেখ্য, নতুন ওসি যোগদানের মাত্র তিন দিনের মধ্যেই আইন-শৃঙ্খলা নিয়ে অভিযোগ ওঠায় এলাকায় আলোচনা শুরু হয়েছে।
হিন্দুস্থান সমাচার / গোবিন্দ দেবনাথ