
আগরতলা, ২০ ফেব্রুয়ারি (হি.স.) : জনজাতি অধ্যুষিত নয় এমন একাধিক এলাকায় বসবাসকারী জনজাতি মানুষেরা এখনও মৌলিক পরিষেবা থেকে বঞ্চিত—এই অভিযোগে ক্ষোভ প্রকাশ করলেন ধলাই জেলার ৪৪ রাইমাভ্যালির উল্টাছড়া ও কালাঝরির ব্রু পুনর্বাসন কেন্দ্র-সহ আশপাশের কয়েকটি গ্রামের বাসিন্দারা। শুক্রবার তাঁরা আগরতলায় এসে জনজাতি কল্যাণ দফতরের মন্ত্রী বিকাশ দেববর্মার সরকারি বাসভবনে সাক্ষাৎ করে সমস্যার কথা জানান।
বাসিন্দাদের অভিযোগ, দীর্ঘদিন ধরে এলাকায় পানীয় জলের তীব্র সংকট, ভগ্নপ্রায় রাস্তাঘাট ও নিকাশি ব্যবস্থার অভাবে নিত্যদিন দুর্ভোগ পোহাতে হচ্ছে। বর্ষাকালে কাদা ও জলমগ্ন পথ পেরিয়ে স্কুল, বাজার কিংবা স্বাস্থ্যকেন্দ্রে যাতায়াত কার্যত দুঃসাধ্য হয়ে পড়ে। অনেক ক্ষেত্রে দূরবর্তী টিউবওয়েল বা ঝর্ণার জলই পানীয় জলের একমাত্র ভরসা, যা স্বাস্থ্যঝুঁকির কারণ হয়ে দাঁড়াচ্ছে। তাঁদের দাবি, পূর্ববর্তী বামফ্রন্ট সরকারের দীর্ঘ শাসনকাল এবং পরবর্তী সময়েও সমস্যাগুলির স্থায়ী সমাধান হয়নি।
গ্রামবাসীদের মতে, বিভিন্ন সময়ে উন্নয়নের আশ্বাস মিললেও বাস্তবে তার প্রতিফলন দেখা যায়নি। প্রশাসনিক উদাসীনতার সুযোগে সমস্যাগুলি রাজনৈতিক ইস্যুতে পরিণত হলেও সাধারণ মানুষের দুর্ভোগ কমেনি।
মন্ত্রী বিকাশ দেববর্মা প্রতিনিধিদলের বক্তব্য শোনার পর সংশ্লিষ্ট দফতরকে দ্রুত পদক্ষেপের নির্দেশ দেন। তিনি বলেন, সাধারণ মানুষের বঞ্চনাকে কেন্দ্র করে রাজনীতি না করে উন্নয়নের প্রশ্নে সকলকে একসঙ্গে কাজ করতে হবে। দীর্ঘদিন ধরে যাঁরা মৌলিক পরিষেবা থেকে বঞ্চিত, তাঁদের সমস্যার স্থায়ী সমাধান করাই সরকারের অগ্রাধিকার। তিনি আরও অভিযোগ করেন, কিছু রাজনৈতিক নেতৃত্ব জনজাতি মানুষের আবেগকে কাজে লাগিয়ে এই পরিস্থিতি জিইয়ে রাখছে।
প্রশাসনের তরফে জানানো হয়েছে, সংশ্লিষ্ট এলাকায় জরুরি ভিত্তিতে সমীক্ষা চালিয়ে পানীয় জল সরবরাহ ও রাস্তাঘাট সংস্কারের প্রস্তাব তৈরি করা হবে। তবে দীর্ঘদিনের বঞ্চনার পর কবে বাস্তব স্বস্তি মিলবে, সে প্রশ্নের উত্তর এখনও অধরাই রয়ে গেছে বলে মত স্থানীয়দের।
হিন্দুস্থান সমাচার / গোবিন্দ দেবনাথ