
মুম্বই, ২০ ফেব্রুয়ারি (হি.স.): বিটকয়েন কেলেঙ্কারি সংক্রান্ত একটি মামলায় মুম্বইয়ের বিশেষ পিএমএলএ (মানি লন্ডারিং প্রতিরোধ আইন) আদালত শুক্রবার ব্যবসায়ী রাজ কুন্দ্রা-কে জামিন মঞ্জুর করেছে। আদালত এনফোর্সমেন্ট ডিরেক্টরেট (ইডি)-এর দাখিল করা চার্জশিটে সংজ্ঞা গ্রহণের পর এই নির্দেশ দেয়।
আদালত সূত্রে জানা গেছে, ইডি এই মামলায় রাজ কুন্দ্রা ও দুবাইয়ের ব্যবসায়ী রাজেশ সতীজার বিরুদ্ধে অভিযোগ দাখিল করেছিল। সেই অনুযায়ী আদালত উভয়কে সমন জারি করে ১৯ জানুয়ারি হাজিরার নির্দেশ দেয়। নির্ধারিত সময়ে রাজ কুন্দ্রা হাজির না হলেও, শুক্রবার তিনি তাঁর আইনজীবী প্রশান্ত পাতিলের সঙ্গে আদালতে উপস্থিত হন।
শুক্রবার শুনানি কালে রাজ কুন্দ্রার আইনজীবীর পক্ষে থেকে দুপুর ৩টায় জামিন আবেদন দাখিল করা হয়। উভয় পক্ষের যুক্তি শোনার পর আদালত জামিন মঞ্জুর করে।
উল্লেখ্য, ২০১৮ সালে পুণের নিগদি এবং নান্দেদ থানায় এই বিটকয়েন কেলেঙ্কারি সংক্রান্ত মামলা দায়ের হয়। অভিযোগ, ‘ভ্যারিয়েবল টেক প্রাইভেট লিমিটেড’ ও ‘গেইনবিটকয়েন’-এর প্রোমোটর অমিত ভারদ্বাজ বিটকয়েন মাইনিংয়ের নামে বিনিয়োগকারীদের উচ্চ মুনাফার প্রলোভন দেখিয়ে বিপুল অঙ্কের অর্থ প্রতারণা করেন। এই মামলায় রাজ কুন্দ্রার বিরুদ্ধেও আর্থিক অনিয়মের অভিযোগ ওঠে।
ইডি-র অভিযোগ অনুযায়ী, রাজ কুন্দ্রা মূল অভিযুক্ত অমিত ভারদ্বাজের কাছ থেকে ২৮৫টি বিটকয়েন পেয়েছিলেন, যার বর্তমান মূল্য প্রায় ১৫০.৪৭ কোটি টাকা। এছাড়াও বিটকয়েন সংক্রান্ত ওয়ালেট ঠিকানার তথ্য না দেওয়া এবং অপরাধলব্ধ অর্থ বৈধ দেখানোর উদ্দেশ্যে কম দামে সম্পত্তি লেনদেনের অভিযোগও তদন্তাধীন রয়েছে।
---------------
হিন্দুস্থান সমাচার / সৌমি বৈদ্য