
আগরতলা, ২০ ফেব্রুয়ারি (হি.স.) : পশ্চিম ত্রিপুরা জেলার সিধাই থানাধীন দক্ষিণ তারানগর এলাকায় আবারও গাঁজা বিরোধী অভিযানে বড়সড় সাফল্য পেল পুলিশ। বৃহস্পতিবার রাতে এক বাড়িতে অভিযান চালিয়ে তিন ব্যাগে রাখা প্রায় ৩২ কেজি গাঁজা উদ্ধার করা হয়। ঘটনায় বাড়ির মালিক সেন্টু বিশ্বাসকে গ্রেফতার করা হয়েছে।
পুলিশ সূত্রে জানা যায়, গোপন খবরের ভিত্তিতে সিধাই থানার পুলিশ দক্ষিণ তারানগরের বাসিন্দা সেন্টু বিশ্বাসের বাড়িতে হানা দেয়। বাড়িতে তল্লাশি চালিয়ে তিনটি ব্যাগ থেকে ৩২ কেজি গাঁজা উদ্ধার করা হয়। পরে অভিযুক্তকে আটক করে থানায় নিয়ে যাওয়া হয়।
মহকুমা পুলিশ আধিকারিক আশীষ দাশগুপ্ত জানান, উদ্ধার হওয়া গাঁজার আনুমানিক কালোবাজারি মূল্য প্রায় তিন লক্ষাধিক টাকা। ধৃতের বিরুদ্ধে এনডিপিএস আইনে মামলা রুজু করে তদন্ত শুরু হয়েছে।
পুলিশের দাবি, দক্ষিণ তারানগর এলাকা ধীরে ধীরে গাঁজার ডিপোতে পরিণত হচ্ছিল। সেই কারণেই বাড়ি বাড়ি তল্লাশি চালিয়ে ধারাবাহিকভাবে অভিযান চালানো হচ্ছে এবং আগামী দিনেও এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।
উল্লেখ্য, এর আগে গত শনিবার একই এলাকার ত্রিশঘর পাড়া থেকে প্রায় ৯৮ কেজি গাঁজা উদ্ধার করেছিল সিধাই থানার পুলিশ।
হিন্দুস্থান সমাচার / গোবিন্দ দেবনাথ